
চরিত্রের স্বার্থে অভিনেত্রীদের কখনো হতে হয় একেবারে অপ্সরীর মতো নির্মল, কখনো আবার হতে হয় প্রচণ্ড নিষ্ঠুর। কিন্তু তাঁদের ব্যক্তিজীবনটা হয় অনেকটা খোলা বইয়ের মতো। কোনো লুকোচুরির অবকাশ নেই। লুকিয়ে রাখতে চাইলেও তা বেরিয়ে আসে সবার সামনে কোনো না-কোনোভাবে—হোক তা সত্য, কিংবা গুজব। অভিনেত্রী অ্যামি অ্যাডামসের বেলায় অবশ্য খারাপটা নয়, প্রকাশিত হয়েছে ভালো বিষয়টিই। সম্প্রতি এক সেনা কর্মকর্তাকে সম্মান জানিয়ে অ্যামি অ্যাডামস প্লেনে তাঁর ফার্স্ট ক্লাস সিট ছেড়ে ইকোনমি ক্লাসের সিটে গিয়ে বসলেন। আর এ নিয়েই আমেরিকান হাসেলখ্যাত এ তারকার গুণগান ছড়িয়ে পড়েছে চারদিকে। তবে বিনয়ী অ্যামি এখনো এ বিষয়ে মুখ খোলেননি। কারণ, তাঁর মূলমন্ত্র হলো, ডান হাত ভালো কোনো কাজ করলে যেন বাঁ হাত টের না পায়। তাই সেনা সদস্যের জন্য নিজের সিট বিসর্জন দিয়েও তা চেপে গেছেন বেশ ভালোভাবেই।
সূত্র: মিড ডে, কন্টাক্ট মিউজিক, জি নিউজ, আইএএনএস