অ্যাম্বুলেন্সে চড়ার জন্য তো স্বাধীনতা চাইনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুজেয় শ্যাম
সুজেয় শ্যাম

সুজেয় শ্যাম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক ও বরেণ্য সংগীত পরিচালক। আজ স্বাধীনতার ৪২ বছর পরও স্বাধীনতার স্বপ্নপূরণে তাঁর যেসব অপ্রাপ্তি রয়েছে সেসব নিয়ে প্রথম আলো ডটকমের সঙ্গে আলাপকালে এই বলে দুঃখবোধ প্রকাশ করেছেন যে- ‘অ্যাম্বুলেন্সে চড়ার জন্য তো স্বাধীনতা চাইনি।’
সুজেয় শ্যাম বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৪২ বছর পার হচ্ছে। কিন্তু যে স্বপ্ন নিয়ে স্বাধীন দেশে পথ চলার স্বপ্ন দেখেছিলাম তা কি আমরা আদৌ বাস্তবায়ন করতে পারছি? পাকিস্তানিদের শাসনামলে আমরা হানাদার পাকিস্তানিদের দ্বারা নির্যাতিত, নিপীড়িত হয়েছি। কিন্তু সে জন্য পাকিস্তানিদের চরম মূল্যও দিতে হয়েছে। অথচ স্বাধীন দেশে আজ আমরা যে অবস্থায় দিনাতিপাত করছি এর কোনো জবাবদিহিতা নেই।
সুজেয় শ্যাম বলেন, ৪২ বছর পর বাংলাদেশের এখন যে অবস্থা চলছে তাতে প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে এ দেশের সাধারণ জনগণকে। একটা মানুষ সকালে সুস্থ অবস্থায় ঘর থেকে বের হয়ে রাতের বেলা সুস্থ শরীরে ফিরতে পারবে না কিনা তার কোনো নিশ্চয়তা নেই! এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য বাহন হিসেবে বেছে নিচ্ছে মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্স। স্বাধীন দেশে রোগী-বহনকারী অ্যাম্বুলেন্সে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য তো আমরা দেশ স্বাধীনের স্বপ্ন দেখি নাই।’
ক্ষোভ প্রকাশ করে সুজেয় শ্যাম আরও বলেন, গত তিন মাস ধরে কোনো ধরনের কাজকর্ম নেই। যাও টুকটাক দু-একটা কাজের জন্য স্টুডিওতে যেতে হয়েছে বাহন হিসেবে অ্যাম্বুলেন্সকে বেছে নিতে হয়েছে। সেদিনও আমি আর ফাহমিদা নবীকে একটি গানের রেকর্ডিংয়ের জন্য নিরাপত্তার প্রশ্নে বাধ্য হয়েই অ্যাম্বুলেন্স চড়ে স্টুডিওতে গিয়েছি। এই যদি আমাদের স্বাধীন দেশের এই অবস্থা হয় তাহলে এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে বলেন। তিনি বলেন, প্রধান যে দুই রাজনৈতিক দল রয়েছে তারাও আমাদের মতোই এ দেশেরই মানুষ। সবাই বাংলা মায়েরই সন্তান। আজ আমরা নিজেদের এবং দলের স্বার্থের জন্য দেশকে ঠেলে দিচ্ছি সংঘাতময় পরিস্থিতির দিকে। এমনকি কিছু কিছু মানুষ মুক্তিযুদ্ধবিরোধী শক্তিদের সঙ্গে আতাঁত করে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছি।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপ্ন প্রসঙ্গে সুজেয় শ্যাম আরও বলেন,‘জাতি-ধর্ম- বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু দেশ স্বাধীনের স্বপ্ন বুকে নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। অথচ স্বাধীন দেশে আজ মন্দির-গির্জায় আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হলেও দেখার কেউ থাকে না। বিষয়গুলি সত্যিই খুব কষ্টের, অনেক বেদনার।
প্রসঙ্গত, ১৯৪৬ সালের ১৪ মার্চে জন্মগ্রহণ করা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক এই শিল্পী শৈশব কেটেছে সিলেটে। বাবা অমরেন্দ্র চন্দ্র শাহ ছিলেন স্কুল শিক্ষক। ১০ ভাইবোনের মধ্যে তিনি ষষ্ঠ। তার সংগীতায়োজনে প্রায় দুই শতাধিক গান রয়েছে। এর মধ্যে তাঁর গাওয়া গানও আছে। পেয়েছেন জাতীয় পুরস্কারসহ অনেক সম্মাননা। তাঁর উল্লেখ্যযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘সালাম সালাম হাজার সালাম’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘স্বাধীন স্বাধীন দিকে দিকে’, ‘আজ রণ সাজে বাজিয়ে বিষাণ’, ‘আহা ধন্য আমার’, ‘আমারও দেশের মাটির গন্ধে’, ‘জন্ম আমার ধন্য হলো মা গো’, ‘রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম’সহ আরও অনেক গান।