অ্যালকোহলবিরোধী যুদ্ধে আমিরের সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সত্যমেভ জয়তে’ অনুষ্ঠানের মাধ্যমে ভারতে বিদ্যমান নানা সামাজিক অসংগতি তুলে ধরে প্রশংসিত হয়েছেন বলিউডের অভিনেতা আমির খান। এবার ভারতীয় নারীদের মধ্যে অ্যালকোহল-আসক্তির সমস্যা নিয়ে কথা বললেন ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত এ তারকা। সম্প্রতি একটি এনজিও আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যালকোহলবিরোধী যুদ্ধে নিজের সমর্থনের কথা জানিয়েছেন আমির। এ প্রসঙ্গে আমির বলেন, ‘ভারতে এই সমস্যা বেশ জটিল। এমন কিছু বিষয় আছে, যার কারণে অ্যালকোহলে আসক্তির কথা স্বীকার করতে ভয় পান আমাদের দেশের নারীরা। এটা তাঁদের কঠিন এক অবস্থার মধ্যে ফেলে দিয়েছে।’ জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ। আমির আরও বলেন, ‘সংবাদ সম্মেলনে উপস্থিত নারী সাংবাদিকদের উদ্দেশে বলছি, বিষয়টি নিয়ে অনেক বেশি লেখালেখি করুন। যাঁরা এ ধরনের সমস্যায় ভুগছেন, তাঁদের জানিয়ে দিন, এটা স্রেফ একটা রোগ। অ্যালকোহলে আসক্ত হয়ে থাকলে সেটা গোপন না করে এখনই সামনে আসতে বলুন। কারণ, এই সমস্যা থেকে সমাধানের অনেক পথ খোলা আছে। আমার বিশ্বাস, এমন বার্তা ছড়িয়ে দিতে পারলে ভুক্তভোগীরা সমস্যার কথা খুলে বলার সাহস ও শক্তি পাবেন।’আমির মনে করেন, এক দিনে এই সমস্যা থেকে মুক্তি মিলবে না। এ জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যেতে হবে। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘এই সমস্যা থেকে পুরোপুরি মুক্তি পেতে সময় লাগবে। কিন্তু হাল ছাড়লে চলবে না। সবাইকে এই সমস্যার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে। সবার মিলিত প্রচেষ্টায় যে করেই হোক এই সমস্যার সমাধান নিশ্চিত করতে হবে।’