অ্যালবামের বিনিময়ে গিটার!
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবার গিটার শিখতে আগ্রহী হয়েছেন। গিটার শিখার জন্য তিনি বেছে নিয়েছেন মুম্বাইবাসী পাকিস্তানি সংগীত তারকা আলী জাফরকে। এরই মধ্যে ‘তেরে বিন লাদেন’ ছবিতে মূল ভূমিকায় অভিনয় করে বেশ সুনাম করেছেন এই পাকিস্তানি গায়ক-অভিনেতা। শুধু তা-ই নয়, তিনি মুম্বাইকে গভীরভাবে ভালোও বেসে ফেলেছেন। তেরে বিন লাদেনের পর এখন তিনি কাজ করছেন যশরাজ ফিল্মসের ছবিতে।তবে আলী জাফর চাচ্ছেন, মুম্বাইয়ে একটি গানের অ্যালবাম প্রকাশ করতে। তাতেও ভালো সাড়া পেয়েছেন তিনি। তাঁর প্রতি হাত বাড়িয়ে দিয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে শর্ত একটাই, বিনিময়ে গিটার শেখাতে হবে ক্যাটরিনাকে। ‘ঝুম’ নামে এই অ্যালবামটি খুব শিগগির প্রকাশিত হচ্ছে। তবে এমন সবুজ-সংকেত পাওয়ার পরও আলী জাফর ভালো নেই। কেননা, পাকিস্তানি শিল্পীদের ওপর শিবসেনা সদস্যরা যেভাবে চড়াও হচ্ছে, তাতে হয়তো তাঁকেও কোনো দিন মুম্বাই থেকে সব কিছু গুটিয়ে দেশে চলে যেতে হতে পারে।