অ্যালিয়েন মেহজাবিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় ২০০৯ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন মেহজাবিন। কথা ছিল, পুরস্কার হিসেবে তিনি একটি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পাবেন। ‘অনেক দিন তো অপেক্ষা করেছি; মনে হয়, কোনো সমস্যা হয়েছে। হয়তো আরও পরে ওই ছবির কাজ শুরু হবে। এরই মধ্যে আমি পরবাসিনী ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে গেলাম।’ বললেন মেহজাবিন। পরবাসিনী মেহজাবিনের প্রথম চলচ্চিত্র। তিন দিন ধরে সিলেটের বিভিন্ন জায়গায় শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার শুটিং করেছেন মাধবপুরে। মেহজাবিন বললেন, ‘পাহাড়, বন, জঙ্গল, খাল আর নদীতে শুটিং করছি। আমাকে খুব ছুটতে হচ্ছে। আগে কখনো এতটা ছুটেছি, মনে পড়ছে না।’ মেহজাবিন জানালেন, ছবিতে তিনি অভিনয় করছেন অন্য গ্রহের এক প্রাণীর চরিত্রে। তাঁর দুটি রূপ—এক. তিনি অ্যালিয়েন, দুই. একেবারেই স্বাভাবিক একজন মেয়ে। তিনি বললেন, ‘মাত্র তিন দিনেই আমি নিজেকে অ্যালিয়েন ভাবতে শুরু করেছি। মনের মধ্যে সব সময় এই ব্যাপারটা কাজ করছে। ছবিতে আমার নাম মেহেজ। ইউনিটের সবাই কিন্তু আমাকে এই নামেই ডাকে। সুবিধাই হচ্ছে, সব সময় চরিত্রের মধ্যে থাকতে পারছি।’ছবিটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করছেন স্বপন আহমেদ। আরও অভিনয় করছেন নিরব। মেহজাবিন এবার এ-লেভেল পরীক্ষা দিয়েছেন। তিনি জানান, টিভি নাটক নয়, এখন পুরো মনোযোগ দিচ্ছেন চলচ্চিত্রের কাজে। কারণ, পরবাসিনী যে তাঁর প্রথম চলচ্চিত্র।