
নো ম্যানস ল্যান্ডের বৃহন্নলা গাছ। ছবির প্রথম শট।
গল্পের শুরু। বুড়ি গিয়েছিল গাছটার তলায় পাতা কুড়াতে। গাছটা তাকে বলল, মর মর মর।
ছবির শুরুটাও তা-ই। বুড়ি চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান। সৈয়দ মুস্তাফা সিরাজের ‘গাছটা বলেছিল’ গল্পজাত জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০১৪) পাওয়া ‘সেরা ছবি’ বৃহন্নলা।
ছবির নাম বৃহন্নলা কেন? গল্পের ভাষায়, ‘গাছটা ছিল ফলহীন। কোনো ফুলও ফুটতে দেখা যায়নি তার ডালপালার ডগায়...নর নও, নারীও নও। তুমি কি বৃহন্নলা অর্জুন?’ ‘গাছটা বলেছিল’ গল্পে বৃহন্নলা শব্দটি ১০ বার আছে। বৃহন্নলা ছবির যে ডিভিডি প্রকাশিত হয়েছে, তার কভারে বৃহন্নলার নামাকরণ নিয়ে লেখা আছে, ‘প্রাচীন এই গাছটির কোনো ফল নেই, ফুল নেই। তাই এটি বৃহন্নলা গাছ।’
বৃহন্নলা ছবির গল্পও ‘গাছটা বলেছিল’র গল্প। দুই পাশে হিন্দু-মুসলিম অধ্যুষিত দুটি গ্রাম এবং একটি গাছকে কেন্দ্র করে। ‘গাছটা বলেছিল’ গল্পটি লোকজ পুরাণ আশ্রিত একটি রাজনৈতিক গল্প। অতি প্রাকৃত রূপক দিয়ে এটি একটি ক্ষমতা দখল, গ্রামীণ মানুষের ধর্মকেন্দ্রিক কূটচালের গল্প। গল্পে গাঁয়ের সেরা অবিশ্বাসী, সতত উন্নাসিক আরসিনিক এক প্রৌঢ়, ছবির যুক্তিবাদী আরজ ডাক্তার (আজাদ আবুল কালাম)। গল্পে রসিক মনজুর হোসেন ছবির মাস্টারমশায় (মানস বন্দ্যোপাধ্যায়)। গল্পের পাচু চোর ছবিতে হুবহু চোর। গল্পের তরুণ ডাক্তার অসীম বোস ছবিতে মুসলিম ডাক্তার (ফেরদৌস)। গল্পের ডাক্তারের মতো শেষমেশ আত্মহত্যা করতে হয়নি তাকে। গল্পের রাজনৈতিক হোল টাইমার স্বপন রুদ্র ছবিতে হয়ে যায় জামসেদসহ আরও অন্যান্য নাম না–জানা চরিত্র। গল্পের হাজি ছবিতেও হাজি। গল্পে বুড়ির ছেলেবউ (সোহানা সাবা) কেঁদে কেঁদে চিড় খাওয়া কণ্ঠে কীভাবে তার শাশুড়ি হাঁপাতে হাঁপাতে বাড়ি ঢুকেছিল আর ধপ করে দাওয়ায় বসে জল চেয়েছিল—এ বর্ণনার অবিকল দৃশ্যায়ন রয়েছে ছবিতে। বৃহন্নলা গাছটির বর্ণনা দিতে গিয়ে গল্পে আছে, ‘তাকে বুড়ি করে খেলত সেই সব নিররÿক্ষুৎ কাতর বালক-বালিকারা।’ এই ছবির ডিভিডির কভারে রয়েছে, ‘একসময় গ্রামের কিশোর-কিশোরীরা তাকে বুড়ি বানিয়ে বৌছি খেলত।’
গল্পে গাছটার গুঁড়ির নিচে একটা মোটা শেকড়ে বুট জুতো পরা পা রেখেছিলেন। এর দৃশ্যায়নও রয়েছে ছবিতে। গল্পের শেষ হয় গাছকে কেন্দ্র করে দাঙ্গা দিয়ে, আর ছবির শেষ গাছকে কেন্দ্র করে স্কুল গড়ে ওঠা দিয়ে।
বৃহন্নলা ছবিটি কোনো অবচেতন মিল নয়, এটি সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প ‘গাছটা বলেছিল’ থেকে নির্জলাভাবে ভাবনা, দর্শন, বিষয়, রূপ-রস, চরিত্র এবং নামটিও গ্রহণ করা হয়েছে। কিন্তু ছবির কোথাও সৈয়দ মুস্তাফা সিরাজ বা তাঁর গল্পের কথা উল্লেখ নেই।
নাটক ও চলচ্চিত্রের স্ক্রিপ্ট নিয়ে এ ধরনের চতুরতা বাংলাদেশের মিডিয়াতে বহুল চর্চিত এবং প্রতিষ্ঠিত একটি কাজ। এই গর্হিত কাজটি মিডিয়ার সবাই করেন না। কিছু মেধাহীন আর অসৎ মানুষ করে থাকে। তাদের দল দিনে দিনে বড় হচ্ছে। যারা দিনের পর দিন এই কাজ করে নির্লজ্জভাবে, তাদেরই টিভি কিংবা পত্রিকায় মিডিয়া নিয়ে অনেক বড় বড় কথা বলতে দেখা যায়। এই অন্যায় কাজটি ধরা পড়ার পরও অনেককে যথাযথভাবে তিরস্কৃত কিংবা ভর্ৎসনা করা হয়নি। তাই তারা মিডিয়াতে তথাকথিত ‘ভালো’ অবস্থানে আছে। আর এ কারণে আরও অনেকেই এই পথকে অনুসরণ যোগ্য মনে করে। তবে আমাদের দেশে অনেক যোগ্য, সৃজনশীল, মেধাবী ও স্বনামধন্য নির্মাতা, নাট্যকার রয়েছেন।
কিছুদিন আগে কলকাতার অন্তহীন ছবির হুবহু নকল টেলিছবি প্রচারিত হলো একটি টিভি চ্যানেলে। আর অবস্থাদৃষ্টে মনে হয়, বিদেশি মুভি নির্মিত হয় বাংলাদেশে নকল হওয়ার জন্য। পেশাগতভাবে আমি টিভি চ্যানেলে হেড অব প্রোগ্রাম হিসেবে নাটক ও টেলিছবি, অনেক ক্ষেত্রে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িত। তাই স্ক্রিপ্ট নিয়ে অনেক চমকপ্রদ ঘটনার মুখোমুখি হতে হয় আমাকে। বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের গল্পকে নিজের গল্প কিংবা কোনো বিদেশি চিরায়ত সাহিত্যকে নিজের রচনা বলে দাবি করা—এমন ঘটনা অনেক আছে স্মৃতিতে। অনেক সময় নির্মাতার কথা বিশ্বাস করতে হয়। সম্প্রচার হওয়ার পর দর্শক ধরিয়ে দেন আসল তথ্য—কোন ছবি থেকে নাটক বা টেলিছবিটি নকল হয়েছে। কারণ, আমরা যারা কাজ করি, তাদের পক্ষে সব জানা কিংবা পড়া থাকা সম্ভব নয়।
দিনের পর দিন দিন কেন এই নকল হচ্ছে?
* নাটক আর টেলিছবি নির্মাণে মেধাহীনদের আগ্রাসন।
* অসৎ ভাবনা।
* বাজেট বেড়ে যাবে—এই ভয়ে মেধাবী কোনো নাট্যকার দিয়ে নাটক না লেখানো।
* টিভি চ্যানেলের পরামর্শ (অমুক চলচ্চিত্রের মতো করে নাটক বানানো)।
* মেধাস্বত্বের প্রতি শ্রদ্ধাবোধ না থাকা।
* ক্রমহ্রাসমান বাজেট।
* নাটক নির্মাণ এখনো গুরুমুখী শিক্ষা, অর্থাৎ একজন শিক্ষানবিশ কিছুদিন একজন পরিচালকের সহকারী হিসেবে কাজ করেই নিজে যথাযথভাবে তৈরি না হয়ে যথেষ্ট উপযুক্ত মনে করা।
* রাতারাতি বাহবা কুড়ানোর জন্য ভালো গল্পের চলচ্চিত্রকে নকল করে নাটক বানিয়ে ফেলা।
* অতি বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি।
দেখেছি, বাংলাদেশে কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হলে তার পরপর কিছু ভালো গল্পের নাটক নির্মিত হয়। অধিকাংশ নাটকের রচনা মৌলিক নয়। উৎসবে প্রদর্শিত স্বতন্ত্র নির্মাতাদের চলচ্চিত্রের অনুকরণে। কিন্তু বরাবরের মতো দাবি করা হয় মৌলিক।
বাংলাদেশে দুই ঈদের সময় মহাসমারোহে নকল নাটকের উৎসব শুরু হয়। এ সময় আগে অন্য টিভি চ্যানেলে দেখানো নাটক নাম পাল্টিয়ে নতুন গ্রাফিকস দিয়ে নতুন নাটক হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা চলে। এমন ঘটনা অনেক দেখেছি। এ সবই বাণিজ্যের নষ্ট হাওয়া।
একটি গল্প বলি, আমি তখন একটি টিভি চ্যানেলের অনুষ্ঠান বিভাগের প্রধান। একজন পরিচিত নির্মাতা নাটক জমা দিয়ে গেছেন। নিয়ম অনুযায়ী তাঁর নাটকটি প্রিভিউ করে বুঝতে পারি, তাঁর লেখা নাটক না, তবে নাট্যকার হিসেবে তাঁর নাম আছে। ফোন দিয়ে তাঁকে আসতে বলি। এসে তিনি মহোৎসাহে বলতে লাগলেন এটি একটি অনন্য, অসাধারণ গল্পের মৌলিক নাটক। আমি তাঁর চোখে চোখ রেখে প্রশ্ন করি, গল্পটা কার? তিনি জোরালোভাবে জানান, এটি তাঁর গল্প। আবারও প্রশ্ন করি। তিনি খেপে গিয়ে জানান, আমি অহেতুকÿ মত ফলানোর চেষ্টা করছি। তিনি আরও খেপে যাচ্ছেন এবং উঁচু স্বরে কথা বলছেন। আমি তাঁকে শান্তভাবে বলি, এটা অ্যালেন পোর গল্প। অ্যালেন পোর নামটা শোনার সঙ্গে সঙ্গে তিনি অপ্রত্যাশিতভাবে তেলে-বেগুনে জ্বলে উঠলেন। নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছেন দেখে আমি তাৎক্ষণিকভাবে এর কারণ চিন্তা করি। হঠাৎ আমার মনে হলো, তিনি অ্যালেন পো নামকে ‘পো’-বর্গীয় কোনো গালি ভেবেছেন। সেটা বুঝে আমি তাড়াতাড়ি ইন্টারনেটে সার্চ দিয়ে লেখক এডগার অ্যালেন পোর ছবি দেখালাম। বললাম, অ্যালেন পো যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত লেখক, আপনি তাঁর গল্পের রচয়িতা। সঙ্গে সঙ্গে তিনি হিমশীতল হয়ে গেলেন। নরম কণ্ঠে বললেন, তিনি একটি বিদেশি চলচ্চিত্র দেখে গল্পটা নিয়েছেন, তবে চলচ্চিত্রের মূল গল্পটা কার, তা তিনি জানেন না। অ্যালেন পোর নামটাও প্রথম শুনলেন। আমি তাঁকে জানালাম, এটি এডগার অ্যালেন পোর বিখ্যাত গল্প ‘দা ব্ল্যাক ক্যাট’, সোজা বাংলায় যাকে বলে কালো বিড়াল।