অ্যাসিডদগ্ধদের নিয়ে তপুর গান
নিজের তৃতীয় একক অ্যালবাম আর তোমাকের জন্য অ্যাসিডদগ্ধদের নিয়ে একটি গান করেছেন গায়ক তপু। ‘ঝিম ধরা মনে চিকচিকে আঁধার/ পুড়ে গেছে কালো থাবায় রাঙা অধিকার/ ঝলসানো মুখের আড়ালে তার কাঁদে নীল হাসি/ স্বপ্নময়ী চোখজুড়ে নরকের জলরাশি’—এমন কথায় গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন তপু। গানটি সম্পর্কে এই সংগীতশিল্পী বললেন, ‘সামাজিক দায়িত্ববোধ থেকেই গানটি করেছি। আশা করছি, সবাই পছন্দ করবেন।’ তপু জানান, তৃতীয় একক অ্যালবাম আর তোমাকে প্রকাশিত হবে সামনের রোজার ঈদে, জি সিরিজের ব্যানারে। এই গানটি ছাড়া অ্যালবামের বাকি নয়টি গানের কথা এবং সব গানের সুর ও সংগীতায়োজন করেছেন তপু নিজেই। এবারই প্রথম নিজের একক অ্যালবামের সব গানের সুর ও সংগীতায়োজন করেছেন এই শিল্পী। অ্যালবামের অন্য গানগুলোর শিরোনাম ‘আর তোমাকে’, ‘এখানে এভাবে’, ‘যদি এমন হতো’, ‘ফিরে আয়’, ‘স্বার্থপর’, ‘একই শব্দ বাজে’, ‘ঝলসানো মুখ’, ‘এই কি বেশি না-২’। উল্লেখ্য, ২০০৮ সালে প্রকাশিত হয় তপুর প্রথম একক অ্যালবাম বন্ধু ভাবো কি। ২০১০ সালে আসে দ্বিতীয় একক সে কে।