আ জার্নি টু রেডবুল স্টুডিও

‘জুতোটা কিনেই ফেললাম বুঝলে! আলো পড়লেই কেমন চকচক করছে দেখেছ?’ স্টুডিওতে ঢুকে হাসি মুখে বন্ধুদের বললেন চেস্টার বেনিংটন। লিনকিন পার্কের ভোকাল তিনি। ততক্ষণে রেডবুল স্টুডিওর সবার সঙ্গে জায়েদের পরিচয়পর্ব শেষ।
পিয়ানোবাদক মাইক শিনোডা হেসে বললেন, ‘আমি তখনই বুঝেছিলাম, জুতোটা তুমি কিনেই ছাড়বে।’
মাইক বললেন, ‘চেস্টার আজ আমাদের সঙ্গে কে আছে জানো?’
‘হ্যাঁ, স্টেজ লাইটের প্রতিযোগী? হ্যালো জায়েদ।’
‘শুধু কি তাই! ও বাংলাদেশ থেকে এসেছে। ৩২টি বাদ্যযন্ত্র বাজাতে পারে। বৃত্তি নিয়ে স্পেনে মার্কেটিংয়ে পড়েছে। মার্কেটিং ফার্মও আছে তার, ফটোগ্রাফি করে। ও একটা স্মার্ট মিউজিশিয়ান।’
চেস্টার বলেন, ‘আহা মাইক, তুমি তোমার নিজের একটা কার্বন কপি কোথায় খুঁজে পেলে!’
চেস্টার আবারও শুরু করতে যাচ্ছিলেন, ‘বুঝলে নতুন জুতোটা না...।’ তাঁকে থামিয়ে দিয়ে ড্রামার রব বোর্ডন বললেন, ‘তোমার জুতোর গল্প পরে শুনব। এখন জায়েদের ট্র্যাকগুলো শুনি।’
ক্যালিফোর্নিয়ায় রেডবুল স্টুডিওতে জায়েদের প্রথম দিন। ৭ অক্টোবর সেখানে যেতে হবে, সেই উত্তেজনায় রাতে নাকি ঘুমই হয়নি তাঁর। সকাল সাড়ে ১০টার পর যখন মূল স্টুডিওতে ঢুকলেন, বিস্ময় তাঁর আকাশ ছুঁলো! এই কি সেই স্টুডিও, যেখান থেকে তাঁর ছেলেবেলায় শোনা ‘ইন দ্য এন্ড’, ‘ব্রেকিং দ্য হ্যাবিট’, ‘সামহয়্যার আই বিলং’-এর মতো গানগুলো তৈরি হয়েছে! তাঁর ভাষ্যমতে, ‘স্টুডিও তো না, যেন অন্য কিছু! সেই-ই-ই অবস্থা।’
স্টুডিওতে গিয়ে জায়েদের প্রথম দেখা হয় ফিনিক্সের সঙ্গে। একে একে কথা হয় লরেঞ্জো, এরিকসহ আরও কজনের সঙ্গে। প্রথমবার ওদের দেখে কেমন লাগল? সেই গল্প শোনালেন জায়েদ। ‘করমর্দনের জন্য মাইক হাত বাড়িয়ে দিয়েছিলেন। আমি বাঙালি কায়দায় তাঁকে জড়িয়ে ধরেছি। আর ব্র্যাডকে দেখে তো হাঁ করে তাকিয়ে ছিলাম। মুখে বললাম, স্বপ্ন দেখছি না তো? ব্র্যাড কাছে এগিয়ে এসে একটা চিমটি কেটে জানতে চাইলেন, ‘কী, স্বপ্ন?’
আর কাজের অভিজ্ঞতা? রেডবুল স্টুডিও কাঁপিয়ে বাংলাদেশের জায়েদের মিউজিক ট্র্যাকগুলো বাজছিল। বিটের তালে তালে তখন শরীর দোলাচ্ছিলেন সবাই। আফ্রিকান গানের ধাঁচে ওই কম্পোজিশনটি নিয়ে তিনি কাজ করছেন প্রায় পাঁচ বছর। স্টুডিওতে তখন কয়েকজন অতিথি। রেকর্ডিং কক্ষের কাচের ওপারে তাঁদের দেখা যাচ্ছিল মিউজিকের তালে তালে দুলছেন। তাঁদের কেউ ডেল, কেউ ইন্টেল ও কেউ ওপেন ল্যাবের কর্মকর্তা। বেশ খানিকক্ষণ চলল বাজনা। শেষ হওয়ার পর শোনা গেল বেশ কয়েক জোড়া হাতের সম্মিলিত করতালি।
মাইক বললেন, ‘দারুণ। তোমার কি ট্র্যাক আইডিয়া আছে?’
এবার ক্লাস নেওয়া শুরু করলেন তিনি। একটা কাগজে হাতে এঁকে দিলেন মিউজিকের গঠন। কীভাবে গানটা হয়, কোত্থেকে শুরু ও শেষ। সংগীত পরিচালনার ধাপগুলো কোন যন্ত্রের সুর, কোনটির সঙ্গে কীভাবে সংযোজন করা ভালো আর সব শেষে কোন সফটওয়্যারে ভালোভাবে রেকর্ডিং করা ফলদায়ক হবে, সেসব দেখালেন তিনি।
জায়েদ জানালেন, শুধু হাতে ধরে শেখানোই নয়। রেকর্ডিং, কম্পোজিশনের জন্য প্রায় সাড়ে চার টেরাবাইটের নানা ধরনের প্লাগইনের লাইসেন্স দিয়ে দিলেন তাঁরা। যেগুলোর আর্থিক মূল্য প্রায় সাড়ে তিন হাজার ডলার।
তাঁদের উপহার দেওয়ার জন্য একটা কাচের ফ্রেম কিনেছিলেন জায়েদ। যাওয়ার পথে সেটা ভেঙে গেছে। ভাঙা ফ্রেমটাই রেডবুল স্টুডিওতে ঝুলিয়ে রেখে দিয়েছেন মাইক।
বাংলাদেশের ডিজিটাল মিউজিক নিয়ে যে তরুণেরা কাজ করেন, তাঁদের জন্য বেশ কিছু সুসংবাদ নিয়ে শিগগির আসছেন জায়েদ।