আঁচলের স্বপ্ন

শাকিব খানের বিপরীতে আঁচলের প্রথম চলচ্চিত্র ফাঁদ সম্প্রতি মুক্তি পেয়েছে। শাকিবের সঙ্গে প্রথম ছবি মুক্তি পাওয়াতে উত্তেজনা একটু বেশিই তাঁর। ‘দেখুন, বাংলাদেশের সুপারস্টারের সঙ্গে কাজ করা নতুনদের জন্য ভাগ্যেরও ব্যাপার৷ আমি অনেক সাড়া পাচ্ছি।’
ঢাকার চলচ্চিত্রে যে কজন নতুন ছেলেমেয়ে কাজ করছেন, তাঁদের মধ্যে আঁচলের নামটি ঘুরে ফিরেই আসে। সময় চেয়ে ফোন করি যখন, তখন তিনি হাতিরঝিলের গা ঘেঁষে নির্মিত প্রিয়াঙ্কা শুটিং হাউসে আড়াল ছবির শুটিং করছেন৷ ওপাশ থেকে বললেন, ‘সময় বের করে নেব৷ এখনই চলে আসেন।’
আমরাও হাতিরঝিলের উদ্দেশে রওনা হই। রাত্রের প্রথম প্রহর পেরিয়েছে। কিন্তু গিয়ে দেখি, লোকেশন শুটিংয়ের আলোয় ঝলমল তখনো। ‘অ্যাকশন, কাট, ওকে’...চলছে। একদমই সময় নিলেন না তিনি৷ দেখামাত্রই বলে বসলেন, ‘লাইট, ক্যামেরা সাজানোর কাজ চলছে। চলেন এই ফাঁকে কথা শেষ করি।’ বলেই প্রশ্ন-উত্তরের মুখোমুখি হলেন তিনি।
ব্যস্ততা মনে হয় বেশি? শুটিংয়ের সূত্র ধরেই ঝটপট প্রথম প্রশ্ন। ডান-বাম মাথা ঝাঁকিয়ে নিলেন। তারপর বললেন, ‘তা তো বটেই। গতকাল রাত তিনটায় শুটিং শেষ হয়েছে। আজ কখন হবে কে জানে। শুটিংয়ের কারণে রাত-দিন আর ঠিক নেই।’ বলেই ছোট্ট একটা হাসি। এখন আর কী কী কাজ করছেন? ‘আড়াল ছাড়াও বোঝে না সে বোঝে না, গুন্ডামি। কিস্তিমাত ছবির কাজ শেষ হয়েছে৷ কয়েক দিনের মধ্যে থ্রি লাভারস ও মিস ইউ নামে দুটি ছবির কাজ শুরু হবে।’ বললেন আঁচল।
মাঝে ছয়টি ছবি মুক্তি পেয়েছে নতুন প্রজন্মের এই তারকার। এরমধ্যে কোনটা টার্নিং পয়েন্ট তাঁর? জানতে চাই৷ বললেন, ‘ভুল ছবির জন্য অভিনয়ের প্রশংসা পেয়েছি আমি। অন্যদিকে বেইলী রোডে এগিয়ে দিয়েছে৷ কিন্তু সর্বশেষ জটিল প্রেম, কি প্রেম দেখাইলা ও প্রেম প্রেম পাগলামি ছবিগুলো থেকে পরিচালক ও দর্শকের কাছাকাছি আসতে পেরেছি আমি।’
কথোপকথনের মধ্যে হঠাৎ করেই জানালা দিয়ে তাঁর চোখ যায় হাতিরঝিলের লেকে৷ শান্ত লেক। চোখ ফিরে আসে তাঁর। যেন শান্ত হন নিজেও৷ আমরাও অন্য পথে এগোই এবার।
বলি তাঁকে, প্রশ্নটা যদি এমন হয়, ছোটবেলায় কী হতে চেয়েছিলেন আর বড় হয়ে এখন...? কিছুক্ষণ চুপচাপ, শান্ত। ‘হুম, তাহলে তো এখন আমাকে সেই অনেক পেছনে যেতে হবে।’ বললেন তিনি। শুনি? ছোটবেলায় পরিবারের স্বপ্ন ছিল উচ্চমাধ্যমিক শেষ করে মেয়ে সেনাবাহিনীর অফিসার হবে৷ কিন্তু সবার সঙ্গে একমাত্র মা একমত হলেন না৷ না, ওপথে না। বললেন, মেয়ে অভিনয় করবে বড় পর্দায়। নৃত্য শেখানোও শুরু হয়েছে সেই ছোটবেলাতেই৷ তারপর? আঁচলের নিজ মুখেই শুনি। ‘মায়ের স্বপ্নই পূরণ হয়ে গেল। একদিন আমি নাচের ক্লাস করছি৷ স্যারের বন্ধু পরিচালক রাজু চৌধুরী ক্লাসে এসেছিলেন। আমার কাজ দেখে ক্লাস শেষে তাঁর ছবিতে অভিনয়ের প্রস্তাব দিলেন৷ আমিও রাজি হয়ে গেলাম৷ এভাবেই।’
চলচ্চিত্রে শুরুটা তাহলে কীভাবে হলো? ‘প্রস্তাব পাওয়ার কিছুদিন পর রাজু ভাইয়ের ভুল নামে একটা ছবিতে আমাকে নায়িকা হিসেবে নিলেন। শুটিং শুরু হওয়ার আগে প্রায় এক মাস গ্রুমিং করালেন।’
প্রথম বড় পর্দায় কাজ, সমস্যা হয়নি? ‘না, এক মাস গ্রুমিং৷ আমি আগে থেকেই মহানগর নাট্যদলে এক বছর অভিনয় করেছি। তবে টের পেয়েছি, বড় পর্দার কাজ কঠিন এবং পরিশ্রমেরও। প্রথম কাজে আমার মজার একটা অভিজ্ঞতাও হয়েছে। ছবিতে নায়ক থাকতেন এক দ্বীপে৷ প্রতিদিন গ্রাম থেকে নদী পার হয়ে নৌকা করে খাবার দিতে যেতাম আমি। নদীর মাঝপথ থেকে শট নেওয়া হতো। বারবার দৃশ্যটি ধারণের জন্য শুটিংয়ের সময় একদিন টানা তিন ঘণ্টা আমাকে নৌকার হাল চালাতে হয়েছে। ওহ! আমি মরেই যাচ্ছিলাম।’ বলেই হা হা হা৷ হাসি থামে তাঁর৷ একটু শক্ত প্রশ্ন এবার। নতুন প্রজন্মের মাহি, ববি, তমা মির্জারাও ইতিমধ্যে আলোচনার উঠে এসেছেন৷ কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবেন? ‘সত্যি বলতে কি, আমি এসব নিয়ে ভাবি না৷ আমার মতো করে ভালো কাজ করার চেষ্টা করি৷ আমি দর্শকের কথা বেশি ভেবে কাজ করি। এতটুকুই।’
নিয়মিত ছবি দেখেন িক? ‘অবশ্যই৷ এবং তা হলে গিয়েই দেখি। এর মধ্যে দেখলাম ভালোবাসা এক্সপ্রেস, ফুল অ্যান্ড ফাইনাল ও অগ্নি।’ বললেন আঁচল।
বর্তমান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিবিএর দশম সেমিস্টারে পড়ছেন এই অভিনেত্রী।
শেষ প্রশ্ন৷ চলচ্চিত্রে তাঁর স্বপ্ন? ‘আমি সব সময়ই বলি, শাবনূর আমার অভিনয়ের আইডল। পরের প্রজন্মের কেউ যেন এসে এমন প্রশ্নের মুখোমুখিতে উত্তরে বলেন, আমার অভিনয়ের আইডল আঁচল। এই-ই আমার স্বপ্ন।’