আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার বিতরণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের সন্ধ্যায় এক আনন্দঘন উষ্ণ পরিবেশে আনুষ্ঠানিকভাবে আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার বিতরণ করা হলো। গতকাল রোববার রাজধানীর হোটেল পূর্বাণীতে এই প্রথমবারের মতো দেওয়া হলো টাকার অঙ্কে দেশের সবচেয়ে বড় এই সাহিত্য পুরস্কার। প্রতিটি পাঁচ লাখ টাকা অর্থমানের এ পুরস্কার পেলেন বিশিষ্ট লেখক সৈয়দ শামসুল হক, এ বছর শুদ্ধস্বর থেকে প্রকাশিত তাঁর উপন্যাস জলেশ্বরীর দিনপত্রী-এর জন্য। অনুবাদ শাখায় পুরস্কার পেয়েছেন ফারুক মঈনউদ্দীন, প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত অনন্য জীবনানন্দ বইটির জন্য। এটি মার্কিন লেখক ও গবেষক ক্লিনটন বি সিলির আ পোয়েট অ্যাপার্ট বইয়ের অনুবাদ। অনন্য জীবনানন্দ ২০১১ সালের জুলাইতে প্রকাশিত হয়েছিল এবং ২০১২ সালের অমর একুশের গ্রন্থমেলায় শ্রেষ্ঠ বই হিসেবে বাংলা একাডেমীর চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার লাভ করে। আইএফআইসি ব্যাংক ২০১১ সাল থেকে উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ, কবিতা, ভ্রমণকাহিনি, আত্মজীবনী ও অনুবাদ—এই সাতটি শাখায় দুটি পুরস্কার প্রবর্তন করেছে। গতকাল এ পুরস্কার বিতরণ করা হলো। অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু পুরস্কার পাওয়া লেখকদের হাতে চেক, ক্রেস্ট ও সনদ তুলে দেন। তিনি সৃজনশীল কাজে অনুপ্রেরণা দেওয়ার জন্য আইএফআইসি ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসায় ধন্যবাদ জানান। অন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকেও এ ধরনের কাজে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সৃজনশীল, গুণী মানুষের প্রশংসা ও তাঁদের অনুপ্রাণিত করার সংস্কৃতি রপ্ত করতে হবে। শিল্পী-সাহিত্যিকেরা আমাদের চেতনাকে জাগিয়ে রাখেন। অতীতের ইতিহাস স্মরণ করে, বর্তমানকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের পথনকশা রচনা করাই তাঁদের কাজ।’বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সামাজিক দায়বদ্ধতা বাড়ছে। তবে শুধু দুস্থ দরিদ্রদের জন্য কাজের পাশাপাশি সমাজের গুণগত পরিবর্তনের জন্যও সুকুমার বৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা দেওয়ারও প্রয়োজন রয়েছে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ার স্বাগত বক্তব্যে বলেন, এই পুরস্কারটি যাতে মানসম্মত এবং নিরপেক্ষ হয়, সে জন্য অত্যন্ত কঠোর গোপনীয়তা অবলম্বন করা হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক মোহাম্মদ আলী খান বলেন, অত্যন্ত সতর্কতার সঙ্গে এই নির্বাচন-প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ৩১৪টি বই জমা পড়েছিল। পুরস্কারের প্রতিক্রিয়ায় সৈয়দ শামসুল হক বলেন, ‘কাজের পুরস্কার কে না চায়। সমাজ স্বীকৃতি দিলে আত্মবিশ্বাস সৃষ্টি হয়, দায়িত্বও বাড়ে।’ সেই দায়িত্বশীলতার সঙ্গেই জীবনের বাকি দিনগুলো লিখে যেতে চান বলে উল্লেখ করেন তিনি।ফারুক মঈনউদ্দীন বলেন, এটি তাঁর প্রথম পুরস্কার। এই পুরস্কার পাওয়ার সংবাদটি একেবারেই অপ্রত্যাশিত ছিল। সভাপতির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান লেখকদের অভিনন্দন জানিয়ে বলেন, বাংলা সাহিত্যের জীবিত লেখকদের সম্মাননা জানানোর মধ্য দিয়ে সৃজনশীল সাহিত্যের ধারাকে উৎসাহিত করতে এই পুরস্কার প্রবর্তন করা হয়েছে। এটি অব্যাহত থাকবে।