আইজিসিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে জমজমাট আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইজিসিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে জমজমাট আয়োজন
আইজিসিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে জমজমাট আয়োজন

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (আইজিসিসি) ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জমজমাট এক সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দিলেন কেন্দ্রের শিক্ষক ও শিক্ষার্থীরা। শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের গতকাল শুক্রবারের ছুটির দিনটিকে আনন্দময় করে তোলে।

গতকাল সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, আইজিসিসির পরিচালক জয়শ্রী কুণ্ড প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে গওহর রিজভী ঢাকায় এই প্রতিষ্ঠানটি স্থাপনের মাধ্যমে ভারত সরকার দুই দেশের সংস্কৃতিচর্চায় বড় অবদান রেখেছে বলে মন্তব্য করেন।

ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র প্রতিবেশী দুই দেশের বিশিষ্ট শিল্পীদের নিয়ে নানা আয়োজন করে। এই কেন্দ্র সব দিক থেকে দুই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করে ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সাংস্কৃতিক পর্বে প্রথম পরিবেশনাটি ছিল আইজিসিসির অপর্ণা পাণ্ডের নেতৃত্বে ছাত্র-শিক্ষকদের সমবেত গান। হিন্দুস্তানি ধ্রুপদী শিক্ষক সন্তোষ কুমার মিশ্র ও তাঁর শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল চমৎকার কাওয়ালি। এ ছাড়া ছিল ব্রজেশ সিং ও তাঁর শিক্ষার্থীদের পরিবেশনায় যোগব্যায়ামের বিশেষ একটি প্রদর্শনী। কেন্দ্রের নাচের শিক্ষক শংকরী মৃধা পরিবেশন করেন ভরতনাট্যম। সব শেষে ছিল কেন্দ্রের মণিপুরি নাচের শিক্ষক ওয়ার্দা রিহাব ও তাঁর শিক্ষার্থীদের পরিবেশনায় মণিপুরি নাচ।