আইজিসিসির বর্ষপূর্তিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় অবস্থিত ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার ছয় বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে গত শুক্রবার সন্ধ্যায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত এই অনুষ্ঠান মুখর ছিল নাচে-গানে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক জয়শ্রী কুন্ডু।
প্রদীপ প্রজ্বালন ও অতিথিদের ফুল দিয়ে বরণের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। সাংস্কৃতিক পর্বে প্রথম পরিবেশনাটি ছিল ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের অপর্ণা পান্ডের নেতৃত্বে ছাত্র-শিক্ষকদের সমবেত গান ‘ইতনি শক্তি হামে দে না দাতা’। হিন্দুস্তানি ধ্রুপদি শিক্ষক সন্তোষ কুমার মিশ্র ও তাঁর শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল চমৎকার কাওয়ালি গান। এ ছাড়া ছিল ব্রজেশ সিং ও তাঁর শিক্ষার্থীদের পরিবেশনায় যোগব্যায়ামের বিশেষ একটি প্রদর্শনী। কেন্দ্রের নাচের শিক্ষক শংকরী মৃধা পরিবেশন করেন ভরতনাট্যম। সবশেষে ছিল কেন্দ্রের মণিপুরি নাচের শিক্ষক ওয়ার্দা রিহাব ও তাঁর শিক্ষার্থীদের পরিবেশনায় মণিপুরি নাচ।