আইটিআই আন্তর্জাতিক উৎসব এবার ঢাকায়
ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) দ্বিবার্ষিক আন্তর্জাতিক নাট্যোৎসব, সেমিনার, কর্মশালা ও প্রদর্শনী হবে এবার ঢাকায়। সপ্তাহব্যাপী এই আয়োজনের উদ্বোধন হবে ১৫ এপ্রিল। যৌথভাবে আয়োজন করছে আইটিআই বাংলাদেশ কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী। জানা গেছে, ১৪ এপ্রিল আইটিআইয়ের বিশ্ব নির্বাহী পরিষদের ১৩০তম অধিবেশন অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর কনফারেন্স কক্ষে। এ উপলক্ষে আইটিআইয়ের বিশ্ব নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ ঢাকায় আসছেন। রামেন্দু মজুমদার আইটিআইয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন ২০০৮ সালের অক্টোবরে। তাঁর এই দায়িত্ব পাওয়ার পর এবার ঢাকায় উৎসবের আয়োজন করা হচ্ছে। তাই উৎসবকে ঘিরে তৈরি হয়েছে অন্য রকম এক প্রাণচাঞ্চল্য। তিনি জানান, বাংলাদেশে দশমবারের মতো আইটিআইয়ের এই দ্বিবার্ষিক উৎসব আয়োজন করা হচ্ছে। এবারের মূল ভাবনা ‘নতুন বাস্তবতা নতুন থিয়েটার’। তিনি বলেন, ‘গত দুই বছরে বিশ্বব্যাপী নানা পরিবর্তন হয়েছে। এর সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন দেশে থিয়েটার চলতে পারছে কি না, কিংবা কী করা দরকার—এসব দিক বিবেচনা করেই এই স্লোগানটি নির্বাচন করা হয়েছে। এই বিষয়ের ওপর একটি আন্তর্জাতিক সেমিনারও অনুষ্ঠিত হবে।’নাট্যোৎসবে অংশ নিতে সিঙ্গাপুর থেকে আসছে চাইনিজ অপেরা ইনস্টিটিউট ও কলকাতার মণিরথ গ্রুপ থিয়েটার। আর দেশের নাটকের দলগুলো হলো দেশ নাটক, চট্টগ্রামের তীর্যক, ঢাকা পদাতিক, পালাকার, ঢাকা থিয়েটার, সময়, আরণ্যক, থিয়েটার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ, সেন্টার ফর এশিয়ান থিয়েটার, প্রাচ্যনাট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ, নাট্যকেন্দ্র, বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও নাগরিক নাট্যসম্প্রদায়। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবে নৃত্যধারা আর নৃত্যনাট্য সমুদ্রে স্বপ্ন পরিবেশন করবে নৃত্যনন্দন। জ্যোৎস্না বিশ্বাসের পরিচালনায় চারণিক যাত্রা সমাজ মঞ্চস্থ করবে যাত্রাপালা। বাবুল বিশ্বাসের পরিকল্পনায় থাকবে পোস্টার প্রদর্শনী। রামেন্দু মজুমদার আরও জানান, উৎসব উপলক্ষে দুটি আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করা হয়েছে। চাইনিজ অপেরার ওপর প্রশিক্ষণ দেবেন ড. চুয়া সু পং এবং আফ্রিকান থিয়েটারের ওপর সুদানের আলী মাহাদী। উৎসব শেষ হবে ২১ এপ্রিল।