আইটিআই নাট্যোৎসব কাল থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে আয়োজন করছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসব। আগামীকাল বৃহস্পতিবার থেকে ‘দ্বিতীয় ঢাকা আন্তর্জাতিক নাট্যোৎসব’ শিরোনামের এ উৎসব শুরু হবে। চলবে ২১ মার্চ পর্যন্ত।
মঙ্গলবার সকালে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। এতে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার, আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, উৎসব উদ্যাপন পর্ষদের পরিচালক দেবপ্রসাদ দেবনাথ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের মহাসচিব আকতারুজ্জামান, মিনু হক, আহমেদ গিয়াস প্রমুখ।
রামেন্দু মজুমদার জানান, এবারের উৎসবে বিদেশি পাঁচটি নাটকসহ ২৭টি নাটক মঞ্চস্থ হবে। উৎসবের অংশ হিসেবে জাতীয় নাট্যশালা লবিতে প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত বাবুল বিশ্বাসের পরিচালনায় বিশ্ববিখ্যাত নাট্যকারদের প্রতিকৃতি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ‘সহিংসতার বিরুদ্ধে নাটক’ এবং ‘নাটক: শিল্পের প্রত্যুত্থান’ শিরোনামে নাট্যবিষয়ক দুটি সংলাপের আয়োজন করা হবে উৎসবে। প্রতিদিনের প্রদর্শনীগুলো জাতীয় নাট্যশালার মূল হল, পরীক্ষণ থিয়েটার হল এবং স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বিকেল পাঁচটায় এ উৎসব উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।