আইটিআই: নতুন বাস্তবতা, নতুন থিয়েটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮২ সালে যখন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) বাংলাদেশ কেন্দ্রটি প্রতিষ্ঠিত হলো, তখন আমাদের কোনো কল্পনাও ছিল না ২৮ বছর পর কেন্দ্রটি কোথায় গিয়ে দাঁড়াবে। ১৯৮৯ সালে আমাদের কেন্দ্র সহযোগী সদস্যপদ থেকে পূর্ণ সদস্যপদ লাভ করল। ১৯৯১ সালে প্রথম বাংলাদেশ আইটিআই প্রতিনিধি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হলেন। সেই থেকে আজ পর্যন্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদে বাংলাদেশ আইটিআইর প্রতিনিধিত্ব রয়েছে। গত বিশ্ব কংগ্রেসে বাংলাদেশ প্রতিনিধির বিশ্ব সভাপতি হিসেবে নির্বাচন বাংলাদেশের নাট্যচর্চার আন্তর্জাতিক স্বীকৃতিরই অন্যতম প্রকাশ।১৯৯১ সালে বাংলাদেশ আইটিআই ঢাকায় ‘এশিয়ার নাট্যপত্র’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করে। তার সঙ্গে ছিল সপ্তাহব্যাপী নাট্যোত্সব, প্রদর্শনী ইত্যাদি। তার পর থেকে গড়ে দুই বছর পরপর আয়োজিত হয়েছে এ আন্তর্জাতিক অনুষ্ঠানমালা। একেকবার একেক বিষয়কে প্রতিপাদ্য হিসেবে নেওয়া হয়েছে। যেমন, সমসাময়িক নাটকে আন্তর্জাতিক ক্রিয়া-প্রতিক্রিয়ার অভিঘাত (১৯৯২), নাটকে আন্তসাংস্কৃতিক যোগাযোগ (১৯৯৫), নাটকে নারী (১৯৯৭), এক বিশ্ব নানা থিয়েটার (১৯৯৯), শিকড়ের হোক ডানা (২০০১), বৈচিত্র্যের জয়গান (২০০৩), সম্প্রীতির জন্য নাটক (২০০৬), সন্ধিক্ষণে নাটক (২০০৮) আর এবারের বিষয় ছিল নতুন বাস্তবতা, নতুন থিয়েটার। এবার ছিল দশম আন্তর্জাতিক আয়োজন। অনুষ্ঠানমালার আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংযুক্তি একাডেমীর জন্য অর্থবহ হয়েছে বলে আমরা মনে করি। এ ধরনের জাতীয় ও আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমী যদি তাদের স্থাপনাগুলো ব্যবহার করতে দিয়ে সহযোগিতা করে, তবে শিল্পকলা একাডেমী তার কাঙ্ক্ষিত ভূমিকা পালন করবে।১৫ এপ্রিল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আইটিআইর সেক্রেটারি জেনারেল টোবিয়াস বিয়ানকোনে এবং অন্যতম সহসভাপতি আলী মাহদিও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।সপ্তাহব্যাপী নাট্যোত্সবে দুটি বিদেশি দল (সিঙ্গাপুরের চায়নিজ অপেরা ইনস্টিটিউট ও কলকাতার মনিরথ গ্রুপ থিয়েটার) অংশগ্রহণ করে। চায়নিজ অপেরা ইনস্টিটিউটের পরিবেশিত ‘পেইন্টেড স্কিন’-এর এটি ছিল প্রথম অভিনয়। মনিরথ থিয়েটার পরিবেশিত জার্মান নাটকের বাংলা অনুবাদ রোদ্দুরের অলিগলি দর্শকদের কাছে সমানভাবে গ্রহণীয় হয়নি। জাতীয় নাট্যশালার তিনটি হলেই প্রতিদিন নাটক মঞ্চস্থ হয়েছে—যার মধ্যে একটি নৃত্যনাট্য ও যাত্রাও অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশের নাট্যচর্চার বৈচিত্র্য তুলে ধরার জন্য প্রতিনিধিত্বশীল দলগুলোর প্রযোজনা উত্সবে উপস্থাপিত হয়, যার মধ্যে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রযোজনাও অন্তর্ভুক্ত ছিল।এবারের আয়োজনের দুটি দিক বিশেষভাবে উল্লেখযোগ্য। টিকিটের দাম কম থাকায় দর্শক হয়েছে প্রচুর। বিশেষ করে, নাট্যকর্মীরা নাটক দেখতে প্রতিদিন হলগুলোতে ভিড় করেছেন। দ্বিতীয় দিকটি হচ্ছে কর্মশালার আয়োজন। সুদানের পরিচালক আলী মাহদি ও তাঁর দুই সহযোগী আফ্রিকার থিয়েটারের ওপর একটি দুই দিনের কর্মশালা পরিচালনা করেন। অপর কর্মশালাটি পরিচালনা করেন চায়নিজ অপেরা ইনস্টিটিউটের পরিচালক চুয়া সু পং। দুটি কর্মশালায় অংশ নেন আমাদের তরুণ নাট্যকর্মীরা এবং কর্মশালা দুটি আমাদের নাট্যচর্চায় একটি উত্সাহব্যঞ্জক অভিঘাত সৃষ্টি করেছে।তৃতীয়বারের মতো আইটিআইর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক বসেছিল বাংলাদেশে। এর আগে প্যারিসের বাইরে পৃথিবীর কোথাও কেন্দ্রীয় পরিষদের বৈঠক এক দেশে এতবার হয়নি। এবারের উত্সব উপলক্ষে বাবুল বিশ্বাস সংগৃহীত নাটকের পোস্টার ও ছবির প্রদর্শনী দর্শকদের প্রশংসা অর্জন করেছে। প্রতিদিন বিকেল পাঁচটায় জাতীয় নাট্যশালার লবিতে আগের দিনে মঞ্চস্থ নাটকের নির্দেশকেরা দর্শকদের মুখোমুখি হয়ে মতবিনিময় করেছেন। থিয়েটার ডিজাইনার্স ইনস্টিটিউট নাট্যশালার আঙ্গিনায় বধ্যভূমির একটি স্থাপনা তৈরি করে। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যখন সব প্রস্তুতি চলছে, সে সময় এ শিল্পকর্মটি নাট্যকর্মীদের সামাজিক দায়বোধের পরিচায়ক। এবারই প্রথমবারের মতো চমত্কার একটি সাত মিনিটের ভিডিওচিত্রও নির্মাণ করা হয়েছিল উত্সবকে নিয়ে।এবারের সেমিনার অন্যবারের মতো দুই দিনের না করে এক দিন করা হয়, যাতে কর্মশালার জন্য বেশি সময় বরাদ্দ করা যায়। এপ্রিল মাসে ২০১০ সালের অনুষ্ঠানমালা আয়োজনের উদ্দেশ্য ছিল বিদেশি অতিথিরা যেন আমাদের বাংলা নববর্ষ উদ্যাপন প্রত্যক্ষ করতে পারেন। অসাধারণ একটি অভিজ্ঞতা নিয়ে নিজ নিজ দেশে ফিরে গেছেন অতিথিরা—যাঁরা এসেছিলেন পৃথিবীর বিভিন্ন মহাদেশের ১৭টি দেশ থেকে।