আইটিআইয়ের বিশ্ব কংগ্রেস

আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভেনে অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) ৩৪তম বিশ্ব কংগ্রেস। ১৭ থেকে ২২ নভেম্বর পর্যন্ত হওয়া এই কংগ্রেসে বিশ্বের ৬০টি দেশ থেকে প্রায় ৩৫০ জন নাট্যকার, নির্দেশক, নৃত্যশিল্পী, সমালোচক, সংগঠক ও নাটকের বিভিন্ন শাখার ব্যক্তি অংশ নেন।
বাংলাদেশ আইটিআইয়ের সভাপতি নাসির উদ্দীন ইউসুফের নেতৃত্বে বাংলাদেশ থেকে আট সদস্যের একটি প্রতিনিধিদল কংগ্রেসে যোগদান করে। ছিলেন বিশ্ব আইটিআইয়ের সভাপতি রামেন্দু মজুমদার, আবদুস সেলিম, শফী আহমদ, ইসরাফিল শাহীন, আহমেদ ইকবাল হায়দার, সৈয়দ দুলাল ও বাবুল বিশ্বাস। অধ্যাপক শফী আহমদ সাধারণ অধিবেশনের র্যাপোর্টিয়ারের দায়িত্ব পালন করেন।
কংগ্রেসের প্রথম অধিবেশনে বাংলাদেশ কেন্দ্র প্রকাশিত আইটিআইয়ের দ্বিবার্ষিক প্রকাশনা দ্য ওয়ার্ল্ড অব থিয়েটার-এর ২০১৪ সালের সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়। দশমবারের মতো বাংলাদেশ গ্রন্থটি প্রকাশ করল।
কংগ্রেসে আগামী দুই বছরের জন্য ১৬ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়। আরব আমিরাতের ফুজায়রার মোহাম্মদ আল আকফাম নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ প্রতিনিধি বাবুল বিশ্বাস কমিউনিকেশন কমিটির সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। সাবেক দুজন বিশ্ব সভাপতি বাংলাদেশের রামেন্দু মজুমদার ও জার্মানির ম্যানফ্রেড বাইলহার্জকে সাম্মানিক সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
কংগ্রেস উপলক্ষেÿআর্মেনীয় দলগুলোর ২৬টি নাটকের প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। ২০১৬ সালে ব্রাজিলের মানাওসে আইটিআইয়ের পরবর্তী বিশ্ব কংগ্রেস অনুষ্ঠিত হবে।