আইটিআইয়ের বিশ্ব কংগ্রেস আজ শুরু হচ্ছে চীনে
এবার ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) ‘বিশ্ব কংগ্রেস’ আয়োজন করা হলো চীনে। জানা গেছে, আজ সোমবার চীনের শামেনে শামেন আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনীকেন্দ্রে এই কংগ্রেস অনুষ্ঠিত হবে। চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের কংগ্রেসের প্রতিপাদ্য বিষয় ‘এমপাওয়ারিং দ্য পারফর্মিং আর্টস: এ জার্নি টু সিজু’। আজ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন চায়না ফেডারেশন অব লিটারারি অ্যান্ড আর্ট সার্কেলের মহাসচিব ঝাও শি এবং আইটিআইয়ের বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার।বিশ্ব কংগ্রেসে যোগ দিতে রামেন্দু মজুমদার এখন চীনে আছেন। সেখানে যাওয়ার আগে বিশ্ব কংগ্রেস প্রসঙ্গে রামেন্দু মজুমদার বলেন, ‘এবার আইটিআইয়ের ৩৩তম বিশ্ব কংগ্রেস বসছে। এবারের কংগ্রেস বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে নাট্যচর্চার প্রসারের ক্ষেত্রে বিভিন্ন কর্মশালা, সেমিনার, উৎ সবসহ নানা পরিকল্পনা গ্রহণ করা হবে এই বিশ্ব কংগ্রেসে।’ আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি আতাউর রহমানের নেতৃত্বে ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল এ কংগ্রেসে যোগ দিচ্ছে। বাংলাদেশ থেকে কর্মশালায় অংশ নিচ্ছেন এ কে আজাদ (নাগরিক নাট্যসম্প্রদায়), শিশির রহমান (প্রাঙ্গণেমোর), নাহিদা শারমীন (পালাকার)। বিভিন্ন দেশ থেকে তিন শতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছেন কংগ্রেসে।ইউনেস্কোর সহযোগিতায় আয়োজিত এই কংগ্রেসে সাংগঠনিক কার্যক্রম ছাড়াও কর্মশালা, সেমিনার ও নাটকের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মঞ্চস্থ হবে ‘প্লাম ব্লসম পুরস্কার’ পাওয়া নাটকের দল চীনা মিউজিক থিয়েটারের নন্দিত প্রযোজনা।