আইটেম গানে এবার বাপ্পী ও বিপাশা

কয়েক বছর ধরেই ঢাকাই চলচ্চিত্রের আইটেম গান মানেই তাতে বিপাশা কবিরের উপস্থিতি। মাঝে অবশ্য নায়িকা চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন আর আইটেম গানে পারফর্ম করবেন না। তবে আজ বৃহস্পতিবার এফডিসিতে আবারও আইটেম গানে পারফর্ম করতে দেখা গেল বিপাশাকে।
আজ বৃহস্পতিবার এফডিসির সাত নম্বর ফ্লোরে ‘বাজে ছেলে’ ছবির আইটেম গানের শুটিং হয়েছে। এই গানে বিপাশা কবিরের সঙ্গে সহশিল্পী ওই ছবির প্রধান নায়ক বাপ্পী।
নতুন করে আবারও আইটেম গানে পারফর্ম করা প্রসঙ্গে বিপাশা কবির প্রথম আলোকে বলেন, ‘গানটির ভাবনা ভালো লেগেছে। গানের জন্য বাজেটও ভালো ছিল। আমি কিন্তু আগেই বলেছি, বাজেট ভালো আর গানের চিত্রায়ণের ভাবনা যদি ভালো লাগে তাহলে আইটেম গানে কাজ করতে আপত্তি নেই। বলতে পারেন, আমি কিন্তু কাজটি করে বেশ খুশি।’
এ ব্যাপারে বাপ্পী বলেন, ‘গল্পের প্রয়োজনে ছবিতে আইটেম গানটি রাখা হয়েছে। অন্যরকম একটি গল্প। ছবিতে আমাকে একেবারে অন্য রকমভাবে উপস্থাপন করা হচ্ছে। এর বেশি আপাতত কিছু বলতে চাই না। বাকিটা দর্শকদের জন্য চমক হিসেবে থাকছে। আর হ্যাঁ, বিপাশা কিন্তু আইটেম গানে দারুণ পারফর্ম করছে।’
‘বাজে ছেলে’ ছবিটির পরিচালক মনিরুল ইসলাম সোহেল। এটি তাঁর দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে তিনি ‘স্বপ্ন যে তুই’ নামের একটি ছবি পরিচালনা করেছিলেন। ‘বাজে ছেলে’ ছবিতে বাপ্পী ও বিপাশা ছাড়া অপর অভিনয় শিল্পীরা হলেন দিপালী, আরশি ও মিশা সওদাগর।