আইটেম গানে তৌসিফ
২০১১ সালে ‘এই তো ভালোবাসা’ চলচ্চিত্রে প্রথম প্লে-ব্যাক করেন তৌসিফ। ২০১২ সালে ছবিটির গানের অ্যালবাম প্রকাশিত হয়। আবারও ছবির গানে কণ্ঠ দিলেন তৌসিফ। তবে এবারেরটি চলচ্চিত্রের আইটেম গান। শুধু গানটিতে কণ্ঠ দেওয়া নয়, এর সুর ও সংগীত পরিচালনার কাজটিও করেছেন তৌসিফ। সম্প্রতি গানটির রেকর্ডিং শেষ হয়েছে বলে জানান তিনি। ‘ছেলেটি আবল-তাবল, মেয়েটি পাগল’ শিরোনামের ছবিটির আইটেম গানে তৌসিফের সহশিল্পী ছিলেন লিজা। ‘ডার্লিং ডার্লিং’ শিরোনামের গানটির কথা লিখেছেন মিলন মণ্ডল।তৌসিফ বলেন, ‘ক্লোজআপ তারকা লিজার অ্যালবামে প্রথম একটি আইটেম গান করেছিলাম। “নেশা নেশা” শিরোনামের গানটি বেশ প্রশংসিত হয়েছিল। এবার ছবিতে প্রথমবারের মতো আইটেম গান করলাম। ছবির পরিচালকের চাহিদা ছিল বলিউডি ছবির সমমানের একটি আইটেম গান করার। তাই কাজটি করার ক্ষেত্রে চাপটাও ছিল বেশি।’তৌসিফ আরও বলেন, ‘বাইরের দেশের ছবির আইটেম গান সাধারণত যে ধরনের হয়ে থাকে, “ডার্লিং ডার্লিং’’ গানটিও সেভাবেই করা হয়েছে। বাকিটা নির্ভর করছে চিত্রায়ণের ওপর। তবে আমার বিশ্বাস, গানটি শুনলে এমনিতেই অনেকের ভালো লাগবে।’ তৌসিফ ও লিজা ছাড়া ‘ছেলেটি আবল-তাবল, মেয়েটি পাগল’ অ্যালবামে আরও গান গেয়েছেন কুমার বিশ্বজিত্, আরফিন রুমী, ইমরান, কিশোর, বেলাল খান, কাজী শুভ, কনা, পড়শী, মোহনা, পূজা ও নওমী। ‘ছেলেটি আবল-তাবল, মেয়েটি পাগল’ ছবিটি পরিচালনা করেছেন সাইফ চন্দন।