আইটেম গানে মৌসুমী হামিদ

আইটেম গানে অংশ নিলেন ২০১০ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার প্রথম রানারআপ মৌসুমী হামিদ। তবে সিনেমার নয়, নাটকের। প্রীতমের পরিচালনায় নাটকটির নাম ‘ডেঞ্জারম্যান’। গতকাল শুক্রবার রাজধানীর উত্তরায় আইটেম গানটির শুটিংয়ে অংশ নেন মৌসুমী।
মৌসুমী বলেন, ‘সাধারণত সিনেমায় আইটেম গান রাখা হয়। কিন্তু আমি যে আইটেম গানটিতে পারফর্ম করছি, সেটি নাটকের। সিনেমার দুজন এক্সট্রা অভিনয়শিল্পীর প্রেমের গল্প নিয়ে নাটকটি নির্মিত হচ্ছে। গল্পের প্রয়োজনে পরিচালক আইটেম গান রেখেছেন। আমারও কাজটি করে বেশ ভালো লাগছে।’
মৌসুমী হামিদ এ-ও বলেন, ‘আমি আগে কখনো আইটেম গানে পারফর্ম করিনি। পরিচালক আমার বন্ধু এবং নাটকটির গল্পভাবনা দারুণ পছন্দ হওয়ায় কাজটি করছি। আশা করছি, আইটেম গানসহ পুরো নাটকটি সবার ভালো লাগবে।’
‘ডেঞ্জারম্যান’ নাটকে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও প্রভা। নাটকটিতে তাঁরা চলচ্চিত্রের দুজন এক্সট্রা অভিনয়শিল্পীর চরিত্রে অভিনয় করেছেন।
লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার পর টিভি নাটকে অভিনয় শুরু করেন মৌসুমী হামিদ। ইদানীং টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্রের দিকেও ঝুঁকছেন। সম্প্রতি ‘ব্ল্যাকমেইল’ ছবির কাজ শুরু করেছেন। এ ছাড়া আবু শাহেদ ইমন পরিচালিত ‘জালালের গল্প’ ছবির কাজ শেষ করেছেন। মৌসুমী হামিদ অভিনীত প্রথম ছবি অনিমেষ আইচ পরিচালিত ‘না মানুষ’। এরপর তিনি কাজ করেন প্রশান্ত অধিকারীর ‘হাডসনের বন্দুক’ ছবিতে।