আইটেম গানের জন্য শর্ত দিলেন প্রিয়াংকা
জঞ্জির’ ছবির রিমেকে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন প্রিয়াংকা চোপড়া। সম্প্রতি ছবিটির একটি আইটেম গানের প্রস্তাব দেওয়া হয়েছে তাঁকে। প্রস্তাব পাওয়ার পরপরই তিনি একগাদা শর্ত জুড়ে দিয়েছেন। শর্তগুলো পূরণ হলেই কেবল আইটেম গানটিতে অংশ নেবেন বলে জানিয়েছেন ৩০ বছর বয়সী এ অভিনেত্রী। প্রিয়াংকার প্রথম শর্ত হল, টি-সিরিজের কর্ণধার ও সংগীত প্রযোজক ভূষণ কুমারকে ব্যক্তিগতভাবে গানটির তত্ত্বাবধান করতে হবে। মানুষের ব্যক্তিগত অনুভূতিতে আঘাত করার মতো কোনো উপাদান গানটিতে নেই—এটা নিশ্চিত করতে হবে ভূষণ কুমারকে। গানটির কোরিওগ্রাফার হিসেবে গণেশ আচার্যের নিয়োগ চূড়ান্ত হওয়ার আগে প্রিয়াংকা তাঁকে সাফ জানিয়ে দেন, প্রয়োজন অনুভব করলে গানটির কোনো অংশ কিংবা পুরো গানটিকেই তিনি প্রত্যাখ্যান করতে পারবেন। গানটির গীতিকার কে হবেন সেটাও বলে দিয়েছেন প্রিয়াংকা। বলিউডের গীতিকার ও সংগীত পরিচালক আনন্দ রাজকে গানটি লিখতে হবে। গান লেখা শেষ হলে সেটা পড়ে দেখবেন প্রিয়াংকা। তাঁর চূড়ান্ত অনুমতি পাওয়ার পরই কেবল গানটি চলচ্চিত্রে ব্যবহার করা যাবে। আইটেম গানে অংশ নিতে প্রিয়াংকার এতসব শর্ত জুড়ে দেওয়ার পেছনের কারণ সম্পর্কে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আইটেম গানটি যাতে কোনোভাবেই অশ্লীল হতে না পারে, সেজন্যই এমন কঠোর অবস্থান নিয়েছেন প্রিয়াংকা। কারণ সম্প্রতি দিল্লিতে শিক্ষার্থী ধর্ষণের ঘটনার পর অনেকে অভিযোগের আঙুল তুলেছেন বলিউডের ছবির এসব আইটেম গানের দিকে। প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর রাতে নয়াদিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন এক মেডিকেল ছাত্রী। পরে তাঁকে ও তাঁর ছেলেবন্ধুকে বেদম মারধর করে বাস থেকে ফেলে দেওয়া হয়। সিঙ্গাপুরের একটি হাসপাতালে গত ২৯ ডিসেম্বর মারা যান ওই শিক্ষার্থী। এ ঘটনায় ভারতজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।