
বলুন তো, প্রিয়াঙ্কা চোপড়াকে সর্বশেষ কোন ছবিতে অভিনয় করতে দেখেছেন? হ্যাঁ, আপনি বলবেন, ২০১২ সালে রণবীর কাপুরের সঙ্গে বরফি ছবিতে তাঁকে শেষবার দেখেছেন। এরপর তাঁর হালকা ঝলক দেখা গেছে শুটআউট অ্যাট ওয়াডালা ছবিতে। তবে এই ছবিতে একটি আইটেম গানে নেচেই হিট প্রিয়াঙ্কা। যদিও তিনি এখন পুরোপুরি ব্যস্ত নিজের সংগীতজীবন নিয়ে; তাঁর প্রথম অ্যালবাম আন্তর্জাতিকভাবে বেশ প্রশংসিত হওয়ায় দ্বিতীয় অ্যালবামে আগের থেকেও বেশি মনোযোগী প্রিয়াঙ্কা। তাহলে কি অভিনয় থেকে সাময়িক বিরতি নিলেন তিনি? মনে হয় না! কারণ, ১৯৭৩ সালের বিখ্যাত সুপারহিট ছবি জানজির-এর রিমেকে দেখা যাবে তাঁকে। অমিতাভ-জয়া জুটির সেই বিখ্যাত ছবির রিমেক নিয়ে বেশ উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা। তবে অভিনয়ের চেয়ে তাঁর বেশি উৎসাহ দেখা গেল ছবির আইটেম গান নিয়ে। প্রিয়াঙ্কা বলেন, ‘রিমেক ছবিতে কাজ করা সব সময়ই বেশ রোমাঞ্চকর। তবে এই ছবিতে সবচেয়ে মজা পেয়েছি “পিংকি” নামের একটি আইটেম গানে নেচে।’
জাহিদ হোসাইন খান
সূত্র: বলিউড হাঙ্গামা