
আইরিন আফরোজের একটা ‘নিউজ এজেন্সি’ আছে! শুধু তাঁর অভিনীত নাটক আর বিজ্ঞাপনের সংবাদ প্রচার করে এই এজেন্সি। তা পরিচালনা করেন আইরিনের মা রাশিদা বেগম। এতটুকু পড়ে যাঁরা খানিক ধন্দে পড়েছেন, তাঁদের জন্য পরিষ্কার করে বলছি, আইরিনের নাটক প্রচার হওয়া মানে রাশিদা বেগমের মুঠোফোনের ব্যালেন্স কমে যাওয়া। আত্মীয়স্বজন থেকে শুরু করে পরিচিত সবার কাছেই আইরিনের নাটক প্রচার হওয়ার সংবাদটি পৌঁছানো চাই-ই চাই! আর এই কাজটিই করেন আইরিনের ‘নিউজ এজেন্সি’ তাঁর মা!
তবে এখন রাশিদা বেগমের কষ্ট খানিকটা কমেছে। কারণ টিভির পর্দায় আইরিন এখন পরিচিত মুখ। টিভিতে প্রচারিত ধারাবাহিকগুলোতে যেমন তার উপস্থিতি আছে, তেমনি আছে বিজ্ঞাপনেও। সম্প্রতি বিকাশের বউ সাজের বিজ্ঞাপনে তাঁর সরব উপস্থিতি তা প্রমাণ করে।
আইরিনের শুরুটা কীভাবে হয়েছিল? আসুন তা শোনা যাক আইরিনের কাছ থেকেই। বছর দুয়েক আগে কয়েকটি ফ্যাশন হাউজের পোশাকের মডেল হন তিনি। সেই ছবিগুলো ছাপা হয় বিভিন্ন পত্রিকায়। তাঁর ছবি দেখা গেছে গুরুত্বপূর্ণ রাস্তার পাশের বিলবোর্ডে। কয়েকটি মিউজিক ভিডিওর মডেলও হয়েছেন তিনি।
আইরিন বললেন, ‘আমি মিডিয়ার সঙ্গে যুক্ত হয়েছিলাম অনেকটা শখের বশে। সেভাবেই কাজ করেছি। কিন্তু এখন কাজের পরিধি অনেক বেড়েছে।’
আইরিনের কাজের তালিকায় এখন বড় জায়গাজুড়ে আছে ধারাবাহিক নাটক। শুরু হয়েছিল হিমেল আশরাফের গপ্পো ধারাবাহিকের মধ্য দিয়ে। তারপর তিনি একে একে কাজ করেছেন নজরুল ইসলামের লেক ড্রাইভ লেন, রেদওয়ান রনির ঝালমুড়ি, ইমরাউল রাফাতের কলিংবেল, গাজী টিভির ফ্রাইট নাইট। আইরিন বললেন, ‘শুরুতেই কয়েকজন ভালো নির্মাতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। এটা আমার অভিনয়জীবনে ইতিবাচক ভূমিকা রেখেছে।’
অভিনয় এখন আইরিনের শখের মাঝে সীমাবদ্ধ নেই। এই কাজকে এখন তিনি পেশা হিসেবে নিয়েছেন। তাই অভিনয়ের ওপর প্রয়োজনীয় প্রশিক্ষণ নেওয়ার পরিকল্পনা করছেন। অভিনয়ের ওপর প্রশিক্ষণ নেওয়ার জন্য শিগগিরই কোনো একটি ইনস্টিটিউটে ভর্তি হবেন।
এবার পড়াশোনার প্রসঙ্গ। আইরিন জানান, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ইংরেজি সাহিত্যে স্নাতক করেছেন। সামনে ভর্তি হবেন স্নাতকোত্তর পর্যায়ে। অভিনয়ের ফাঁকে পড়াশোনা শেষ করার ইচ্ছে তাঁর। আরও একটা ইচ্ছা আছে আইরিনের। শুধু ছোট পর্দা নয়, বড় পর্দায়ও অভিনয় করতে চান। সেভাবেই প্রস্তুত করছেন নিজেকে।
বললেন, ‘এখন চাইলেও অভিনয়কে ছাড়তে পারব না। তাই এমন কিছু কাজ করতে চাই, যাতে সবাই আমাকে অনেক দিন মনে রাখেন। আমি যেমন এই অঙ্গনের অনেককেই আইডল মনে করি, তেমনি ভবিষ্যতে আমাকেও যেন অন্যরা আইডল ভাবেন। সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে চাই।’