তিনটি ভারতীয় বাংলা চলচ্চিত্রকে বিমানবন্দর থেকে দেশে প্রবেশের অনুমতি দিতে সেন্সর বোর্ডকে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আদেশ দিয়েছেন। সেন্সর বোর্ড আদেশের কপি পেয়েছে গত ১৪ ফেব্রুয়ারি। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে নাকি রায়ের আদেশ সেন্সর বোর্ড বাস্তবায়ন করবে, সে ব্যাপারে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে তথ্য মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পরই তথ্য মন্ত্রণালয় পরবর্তী করণীয় ঠিক করবে।জানা গেছে, ২০১০ সালের আমদানি নীতিমালায় বাণিজ্য মন্ত্রণালয় উপমহাদেশের চলচ্চিত্র দেশে আমদানি করা যাবে, এই মর্মে এসআরও জারি করেছিল। পরে এই এসআরওর বিরুদ্ধে দেশীয় চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীরা আন্দোলন শুরু করেন। একপর্যায়ে সরকার আমদানি নীতিমালার এসআরও পরিবর্তন করে উপমহাদেশের চলচ্চিত্র আমদানি করার বিধানটি বাতিল করে। কিন্তু এসআরও জারি করা এবং এটি বাতিল করার মধ্যবর্তী সময়ের মধ্যেই কয়েকজন প্রেক্ষাগৃহের মালিক এলসি করে ভারতীয় তিনটি ছবি দেশে নিয়ে আসেন। ছবি তিনটি হচ্ছে সংগ্রাম, বদলা ও জোর। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ সেন্সর বোর্ড থেকে অনাপত্তি না পাওয়ায় ওই তিন ছবিকে দেশে প্রবেশের অনুমতি দেয়নি। ফলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে রিট মামলা দায়ের করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এসআরও বাতিলের আগে যে তিনটি চলচ্চিত্র এলসির মাধ্যমে নিয়ে আসা হয়েছিল, সেগুলোর অনাপত্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। সেন্সর বোর্ডের পরিদর্শকেরা জানিয়েছেন, দ্বৈত বেঞ্চের আদালতের বিচারপতিরা গত ৭ ফেব্রুয়ারি রায়ের কাগজে স্বাক্ষর করেছেন।রায় বাস্তবায়ন করা হচ্ছে নাকি আপিল করা হবে, জানতে চাইলে সেন্সর বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ‘এ ব্যাপারে আমরা তথ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।’ তথ্যসচিব হেদায়েত উল্লাহ আল মামুন জানিয়েছেন, এ ব্যাপারে আইন মন্ত্রণালয়ের কাছে মতামত জানতে চাওয়া হয়েছে। মতামত পাওয়ার পরই মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।অন্যদিকে, সেন্সর বোর্ডের অন্য একটি সূত্র জানিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নতুন করে উপমহাদেশের ছবি আমদানির বিধানটি বাতিল করার বিষয়টি চ্যালেঞ্জ করে প্রেক্ষাগৃহের মালিকেরা উচ্চ আদালতে আরও একটি রিট দায়ের করেছেন।