আইনজীবীর বেশে
কিছুক্ষণ পরই শুনানিতে অংশ নিতে হবে। আদালতও প্রস্তুত। বারান্দা দিয়ে ছুটে আসছেন সুমাইয়া শিমু। গায়ে তাঁর আইনজীবীদের পোশাক। আদালতে এক দীর্ঘ শুনানিতে তিনি অংশ নিলেন। আসামিকে অনেকক্ষণ জেরা করলেন। বিচারকের বিভিন্ন প্রশ্নের জবাব দিলেন। দেখে যে কেউ ভাববে, তিনি একজন দক্ষ আইনজীবী।হ্যাঁ, শিমু এখন আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন। ধারাবাহিকটির নাম চুপ, আদালত চলছে। পান্থপথের ইউটিসি ভবনের শুটিং ফ্লোরটি সাজানো হয়েছে আদালতের মতো করে। মঙ্গলবার এখানেই শুটিং করলেন শিমু।শিমু জানালেন, এবারই প্রথম তিনি আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন। আর তাই আইন ও আদালতের বিভিন্ন বিষয় নিয়ে কয়েক দিন ধরে চর্চা করতে হচ্ছে তাঁকে। আইনবিষয়ক বই ঘাঁটছেন, আইন পেশার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মতামত নিচ্ছেন। বললেন, ‘প্রতিটি চরিত্রই আমার কাছে নতুন। বেশির ভাগ চরিত্রের ব্যাপারেই কিছু ধারণা করা যায়। কিন্তু আইনজীবীর চরিত্রটি আমার কাছে এতটাই নতুন যে এর পেছনে প্রচুর সময় ও শ্রম দিতে হচ্ছে। অভিনয়েও একটু ভিন্নতা আনার চেষ্টা করছি।’ধারাবাহিকটি লিখেছেন আল মনসুর। পরিচালনা করছেন জুয়েল মাহমুদ।