আইনজীবীর ভূমিকায় প্রাণ রায়
ললিতা ধারাবাহিকে প্রথম দিকে সিনেমার এক্সট্রার চরিত্রে অভিনয় করেছিলেন প্রাণ রায়। এখন চরিত্রের পরিবর্তন এসেছে। দেখা যাচ্ছে, প্রাণ এখন কমেডি হীরো হিসেবে অভিনয় করছেন। পরবর্তী পর্বগুলোতে এটাও হয়তো পাল্টে যেতে পারে। তবে প্রাণ রায় এবার ললিতা নাটকের পরিচালক জুয়েল মাহমুদের নতুন নাটক চুপ আদালত চলছেতে একেবারে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করছেন। নাটকে প্রাণ রায় একজন পেশাদার আইনজীবীর ভূমিকায় আছেন। নাটকটি লিখেছেন আল মনসুর।নাটকটিতে অভিনয় প্রসঙ্গে প্রাণ রায় বলেন,‘অভিনয়জীবনে এই প্রথম একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করছি। তাও আবার পেশাদার আইনজীবী। এ নাটকে আমাকে একেবারে নতুন গেটআপে দেখতে পাবেন দর্শকেরা। চরিত্রটি আমার কাছে একেবারেই নতুন। নাটকটিতে অভিনয় করতে গিয়ে বেশ কিছু নতুন অভিজ্ঞতা অর্জন করছি।’প্রাণ আরও বলেন, ‘মজার ব্যাপার হচ্ছে, নাটকটিতে আমি বেশ কয়েকজন সত্যিকারের আইনজীবীর সঙ্গেও অভিনয় করছি। তাঁদের সহযোগিতায় নিজের চরিত্রকে যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টাও করছি। তা ছাড়া চুপ আদালত চলছে নাটকের মাধ্যমে এই প্রথম আমি আল মনসুরের স্ক্রিপ্টে কাজ করছি।’