আইনের অভাবে চলছে অবাধ পাইরেসি
নতুন একটি বাংলা চলচ্চিত্র মুক্তি দেওয়ার আগে এখন প্রযোজককে পাঁচ লাখ টাকা দিতে হচ্ছে নাম-পরিচয়হীন গোষ্ঠীর কাছে। জানা গেছে, একটি পরিবহন প্রতিষ্ঠানের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই টাকা আদায় করছে সংঘবদ্ধ চক্র। টাকা না দিলেই ছবি পাইরেসি হয়ে যায়। র্যাব বা পুলিশকে জানালে দেখা যায় দুই দিনের মধ্যেই ছবি ভিসিডি আকারে বাজারে চলে আসছে।এ ব্যাপারে চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি সরকারের বিভিন্ন মহলে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও শেষ পর্যন্ত কোনো ফল হয়নি। অশ্লীলতা ও ভিডিও পাইরেসি রোধে গঠিত টাস্কফোর্সের আহ্বায়ক মেজর মাসুম আহমেদ জানিয়েছেন, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না থাকায় ভিডিও পাইরেসির সংঘবদ্ধ দলকে থামানো যাচ্ছে না। এদিকে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের জন্য শাস্তির মেয়াদ বাড়ানো এবং জামিন অযোগ্য আইন করার জন্য চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের কাছে আনুষ্ঠানিকভাবে দাবি জানিয়েছে। মন্ত্রী আশ্বাস দিলেও আইন না হওয়ায় প্রযোজকেরা নিজেদের ছবি বাঁচাতে সংঘবদ্ধ দলের কাছে টাকা তুলে দিচ্ছেন। সম্প্রতি মুক্তি পাওয়া একটি ছবি প্রথম দিনেই প্রেক্ষাগৃহ পূর্ণ হয়। এরপর সংঘবদ্ধ চক্রটি ১০ লাখ টাকা দাবি করে। শেষ পর্যন্ত সংশ্লিষ্ট প্রযোজক তিন কিস্তিতে সেই টাকা দিতে বাধ্য হয়েছেন। তবে নিজেদের স্বার্থে কোনো প্রযোজক তাঁদের ছবির নাম প্রকাশ করতে চাননি।