আইপিএলের অনুষ্ঠান থেকে বাদ পড়লেন জেনিফার লোপেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ পরিবেশনায় অংশ নেওয়ার কথা ছিল মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের। কিন্তু তাঁর অপ্রয়োজনীয় নানান চাহিদার কারণে শেষ পর্যন্ত তাঁকে বাদ দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন মার্কিন র্যাপ সংগীতশিল্পী পিটবুল। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে আগামী ২ এপ্রিল মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ষষ্ঠ মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে মঞ্চ পরিবেশনায় অংশ নেওয়ার বিনিময়ে বিশাল অঙ্কের পারিশ্রমিক দাবি করার পাশাপাশি অপ্রয়োজনীয় নানা শর্ত জুড়ে দেন লোপেজ। লোপেজের পক্ষ থেকে জানানো হয়, কর্মচারী, বাবুর্চিসহ বিশাল এক দল নিয়ে তিনি ভারতে আসবেন। তাঁদের জন্য ডজন খানেক হোটেল রুমের ব্যবস্থা করতে বলা হয়। এ ছাড়া তাঁদেরকে বহনের জন্য ব্যক্তিগত বিমানও চাওয়া হয়। লোপেজের এতসব চাহিদার কথা শুনে শেষ পর্যন্ত পিঠটান দেন আইপিএল কর্তৃপক্ষ। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ‘দ্য সান’।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘এতসব চাহিদার কথা জানিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছেন জেনিফার লোপেজ। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শকের সামনে গান গাওয়ার সুযোগ হারিয়েছেন তিনি।’এদিকে লোপেজের মুখপাত্র দাবি করেছেন, তিনি (লোপেজ) একটি অ্যালবামের রেকর্ডিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এজন্য আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ পরিবেশনায় অংশ নেওয়ার চুক্তিতে স্বাক্ষর করেননি তিনি।