আইপিএলের ঘোলা জলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল মঙ্গলবার মঞ্চে গড়াল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী অনুষ্ঠান। তার আগে উদ্বোধনী অনুষ্ঠানে জেনিফার লোপেজের উপস্থিতি নিয়ে জল কম ঘোলা হয়নি। শাহরুখ খানের রেড চিলিস নামের প্রতিষ্ঠানটির দায়িত্ব ছিল লোপেজকে আইপিএলে নিয়ে আসার। কিন্তু কদিন আগে প্রতিষ্ঠানটি দাবি করেছিল, ‘লোপেজের চাহিদা আকাশচুম্বী। তাই আমরা পিটবুলকেই চূড়ান্ত করেছি।’ একটি সংবাদমাধ্যম জানিয়েছে, বিষয়টি নিয়ে লোপেজ ভীষণ খেপে গেছেন। আইপিএলে যাওয়ার চুক্তি সম্পর্কে রেড চিলিস বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়েছে বলে দাবি করা হয়েছে তাঁর পক্ষ থেকে। উদ্বোধনী অনুষ্ঠানের আগে অবশ্য রেড চিলিস বিষয়টি নিয়ে আর উচ্চবাচ্য করেনি। বলেছে, ‘দুর্ভাগ্যবশত শিডিউলের কারণে লোপেজের সঙ্গে বনিবনা হয়নি। ভবিষ্যতে তাঁর সঙ্গে কাজ করার ইচ্ছা আমাদের আছে।’ জিনিউজ ব্যুরো।