আইফায় সেরা দীপিকা, ফারহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে নাচছেন জন ট্রাভোল্টা (ডানে)।
প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে নাচছেন জন ট্রাভোল্টা (ডানে)।

‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডের ১৫তম আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আর ‘ভাগ মিলখা ভাগ’ ছবির জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন ফারহান আখতার। সেরা ছবির পুরস্কারও ঘরে তুলেছে ‘ভাগ মিলখা ভাগ’।
এবারে এক জাঁকালো আইফা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ২৩ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বিশাল কলেবরের এ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউডের রথী-মহারথীরা। এমনকি জন ট্রাভোল্টার মতো হলিউডের অভিনেতাও হাজির হয়েছিলেন সেখানে। গতকাল শনিবার আইফার ১৫তম আসরের পর্দা নেমেছে।
এবারের আইফায় জয়জয়কার দেখিয়েছে ‘ভাগ মিলখা ভাগ’ ছবিটি। রাকেশ ওম প্রকাশ মেহরা পরিচালিত ছবিটি সেরা ছবির পাশাপাশি সেরা নির্মাতা ও সেরা অভিনেতার পুরস্কারও ঘরে তুলেছে। এ ছাড়া ছবিটির জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন দিব্যা দত্ত। জীবনীভিত্তিক ছবিটির কাহিনি লিখে সেরা কাহিনিকার হিসেবে পুরস্কৃত হয়েছেন প্রসূন যোশি।

এবারের আইফা আসরে কেবল অসাধারণ মঞ্চ পরিবেশনা দিয়েই দর্শকদের মুগ্ধ করেননি দীপিকা। সেরা অভিনেত্রী এবং এন্টারটেইনার অব দ্য ইয়ার পুরস্কারটিও বগলদাবা করেছেন তিনি। গত বছরের সাড়াজাগানো ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’ তাঁকে সেরা অভিনেত্রীর পুরস্কার এনে দিলেও ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ এবং ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির জন্যও সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন তিনি। এক খবরে এ তথ্য জানিয়েছে জিনিউজ।

হূতিক রোশনের সঙ্গে নাচছেন জন ট্রাভোল্টা (বাঁয়ে)।
হূতিক রোশনের সঙ্গে নাচছেন জন ট্রাভোল্টা (বাঁয়ে)।

‘রানঝাঁ’ ছবিতে সাবলীল অভিনয় উপহার দেওয়ার জন্য সেরা নবাগত অভিনেতার পুরস্কার পেয়েছেন গায়ক-অভিনেতা ধানুশ। সেরা কৌতুকশিল্পী নির্বাচিত হয়েছেন আরশাদ ওয়ার্সি। ‘জলি এলএলবি’ ছবির জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে তাঁকে। ‘ডি ডে’ ছবির জন্য সেরা খলনায়কের পুরস্কার পেয়েছেন ঋষি কাপুর।
‘আশিকি ২’ ছবির ‘তুম হি হো’ গানের জন্য সেরা প্লেব্যাক গায়কের পুরস্কার তুলে দেওয়া হয়েছে অরিজিত্ সিংয়ের হাতে। গানটির জন্য সেরা গীতিকার হিসেবে পুরস্কৃত হয়েছেন মিথুন। একই ছবির ‘শুন রাহা হ্যায় না তু’ গানের জন্য সেরা প্লেব্যাক গায়িকার পুরস্কার পেয়েছেন শ্রেয়া ঘোষাল।
এবারের আসরের অন্যতম সেরা আকর্ষণ ছিল শত্রুঘ্ন সিনহার আজীবন সম্মাননা পাওয়া। মেয়ে বলিউডের অভিনেত্রী সোনাক্ষী সিনহার হাত থেকে সম্মাননা গ্রহণ করেন বলিউডের প্রখ্যাত এ অভিনেতা ও রাজনীতিবিদ। এ ছাড়া জন ট্রাভোল্টার উপস্থিতিও সবার নজর কাড়ে। মঞ্চে প্রিয়াঙ্কা চোপড়া ও হূতিক রোশনের সঙ্গে তাঁকে নাচতেও দেখা যায়। এ ছাড়া ট্রাভোল্টা তাঁর বক্তব্যে বলেন, ‘আমি হিন্দি চলচ্চিত্রের বিশাল ভক্ত। বলিউডের ছবিগুলো অনেক প্রাণবন্ত।’