আইয়ুব বাচ্চুর ‘অনুভবে’
ফাহিম মিউজিকের ব্যানারে আট বছর পর প্রকাশিত হচ্ছে আইয়ুব বাচ্চুর সুরে পূর্ণাঙ্গ মিশ্র অ্যালবাম অনুভবে। অ্যালবামটিতে গান গেয়েছেন হাসান আবিদুর রেজা জুয়েল, নওশাদ বাবু, কান্তা, মিমি ও বিজয়। এঁদের মধ্যে জুয়েল ছাড়া বাকি সবাইকে নতুন বলা যেতে পারে। এই নতুনেরা সংগীতে প্রতিষ্ঠা পাওয়ার ব্যাপারে ব্যাকুল। অনুভবে অ্যালবামে গান আছে ১০টি। সব গানের কথা লিখেছেন হোসেন ইমাম। অনুভবের প্রকাশনা উপলক্ষে আজ সোমবার বিকেলে ঢাকার একটি স্থানীয় রেস্তোরাঁয় প্রকাশনা উৎসব হবে।উল্লেখ্য, আট বছর আগে সর্বশেষ আয়না নামের পূর্ণাঙ্গ মিশ্র অ্যালবামের সংগীত পরিচালনা করেছিলেন আইয়ুব বাচ্চু। এর আগে তিনি নবীনদের নিয়ে মন জ্বলে নামে আরেকটি মিশ্র অ্যালবাম তৈরি করেছিলেন। অনুভবে ওই ধারাবাহিকেরই নতুন কাজ। আইয়ুব বাচ্চু বলেছেন, ‘অনুভবে অ্যালবামে যেসব শিল্পী গেয়েছেন, তাঁরা সবাই অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন। আমি বলব ওদের গাওয়া গানগুলো উপভোগ্য হয়েছে।’