আইরিন আসছেন!

মডেলিং থেকে এবার চলচ্চিত্রে আসছেন আইরিন। শুরুতে কথা ছিল ঈদুল আজহায় মুক্তি পাবে আইরিন অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা জিন্দাবাদ’। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবিটি মুক্তির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৮ নভেম্বর। আর সেভাবেই সব ধরনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানান ছবিটির নির্মাতা। ঈদের পর প্রথম ছবি হিসেবে মুক্তি পেতে যাচ্ছে ‘ভালোবাসা জিন্দাবাদ’। এটি পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস। রোমান্টিক-অ্যাকশন ঘরানার এ ছবি নিয়ে ছবি-সংশ্লিষ্ট ব্যক্তিরা সবাই বেশ আশাবাদী। আইরিন বলেন, ‘আমাকে সবাই র্যাম্প মডেল হিসেবেই চেনেন। র্যাম্পের ফাঁকে কয়েকটি টিভি নাটকেও অভিনয় করেছি। এবারই প্রথম বড় পর্দায় আমার অভিষেক হতে যাচ্ছে। আমি অনেক বেশি উচ্ছ্বসিত; পাশাপাশি অনেক বেশি ভয়ও কাজ করছে।’ আইরিন এও বলেন, ‘অনেকেই বলেন, র্যাম্পের মেয়েরা অভিনয় সেভাবে জানে না। আমি তাঁদের ধারণা পাল্টাতে চাই। দেখাতে চাই, আমরাও পারি। আর তাই সবাইকে অনুরোধ করব ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার জন্য।’ মুক্তির দিক দিয়ে ‘ভালোবাসা জিন্দাবাদ’ আইরিনের প্রথম ছবি হলেও তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান নির্মিতব্য ‘ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল’ ছবির মাধ্যমে। সাইফ চন্দন পরিচালিত ছবিটিতে আইরিনের সহশিল্পী আরজু। আইরিন ও আরজু জুটি হয়ে আরেকটি ছবিতে অভিনয় করেছেন। গাজীউল রহমান পরিচালিত ছবিটির নাম ‘এই তুমি সেই তুমি’। ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবিটির সংগীত পরিচালনার পাশাপাশি গানও গেয়েছেন শওকত আলী ইমন। ছবির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কনা, কোনাল, পারভেজ এবং ভারতের শান ও পৃথা।