আইরিন ও আসিফের 'এক পৃথিবী প্রেম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক পৃথিবী প্রেম ছবির ফটোশুটে আইরিন ও আসিফ
এক পৃথিবী প্রেম ছবির ফটোশুটে আইরিন ও আসিফ

রিয়াজ ও পূর্ণিমাকে নিয়ে ‘হৃদয়ের কথা’ ও ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ ছবির পর নতুন আরেকটি ছবি ‘এক পৃথিবী প্রেম’ নির্মাণ করতে যাচ্ছেন এস এ হক অলিক। তবে এবার রিয়াজ আর পূর্ণিমা নয়, নতুন ছবিতে নতুন জুটি উপহার দিতে যাচ্ছেন অলিক। তাঁরা হলেন আইরিন ও আসিফ।

ছবিটির গানের রেকর্ডিং শুরু হলেও এত দিন পর্যন্ত অভিনয়শিল্পী চূড়ান্ত হওয়াটা বাকি ছিল। আজ রোববার তাও হয়ে গেল। আইরিন ও আসিফ আলাদাভাবে ছবিতে অভিনয় করলেও জুটি হয়ে ‘এক পৃথিবী প্রেম’ তাঁদের প্রথম ছবি। এরই মধ্যে তাঁরা দুজন ছবিটির ফটোশুটেও অংশ নিয়েছেন।

‘এক পৃথিবী প্রেম’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হতে পেরে বেশ উচ্ছ্বসিত আইরিন ও আসিফ। প্রথম আলোকে আইরিন বললেন, ‘র৵াম্প মডেলিং থেকে আমি অভিনয়ে এসেছি। এরপর চলচ্চিত্রে কাজ শুরু করেছি। এরই মধ্যে বেশ কয়েকটি ছবিতে কাজ করা হয়েছে। আমি চলচ্চিত্রে নিয়মিত হতে চেয়েছি। “এক পৃথিবী প্রেম” তারই ধারাবাহিকতা বলা যায়। অলিক ভাইয়ের আগের দুটি ছবি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। আমার আশা, এ ছবিটিও দর্শকদের কাছে গ্রহণযোগ্য হবে। ছবির গল্পটিও আমার কাছে দারুণ লেগেছে।’

আসিফ বললেন, ‘চলচ্চিত্র নির্মাতা হিসেবে এস এক অলিক তাঁর আগের ছবিগুলোর মধ্য দিয়ে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন। তাঁর পরিচালিত ছবি দুটি সবাই দারুণভাবে পছন্দ করেছেন। তাঁর পরিচালনায় নির্মিত নতুন ছবিতে কাজ করতে পেরে স্বপ্ন সত্যি হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে।’