আইলাদুর্গত এলাকায় ‘কৃষকের ঈদ আনন্দ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানটি এবার ধারণ করা হয়েছে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামে। গত বছর আইলায় ক্ষতিগ্রস্ত হয় এই এলাকা। নানা ধরনের খেলাধুলার পাশাপাশি এখানকার মানুষের জীবনযন্ত্রণা ও প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতার চিত্র তুলে ধরা হয়েছে অনুষ্ঠানটিতে।অনুষ্ঠানটি পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন শাইখ সিরাজ।তিনি বললেন, ‘সিডরের মতো তীব্রতা না থাকলেও দীর্ঘমেয়াদি ক্ষতির হিসাবে আইলা অনেক বেশি বিপর্যস্ত করেছে এই জনপদকে। ১৪ মাস সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার সাহায্য-সহযোগিতা নিয়ে বেঁচে আছে এখানকার প্রান্তিক জনগোষ্ঠী। আগের চেয়ে প্রায় ১০ গুণ বেশি মানুষ সুন্দরবনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। ফলে সুন্দরবনের প্রাকৃতিক ঐশ্বর্য দিনের পর দিন নষ্ট হচ্ছে। সুন্দরবনসংলগ্ন নদী সাঁতরে জনপদে ঢুকে পড়ছে বাঘ। বাঘের নির্মম আক্রমণের শিকার হচ্ছে অনেকেই। এবারের কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানের পুরো আয়োজনটি এই জনগোষ্ঠীর অংশগ্রহণে। পাশাপাশি তাদের জীবনচিত্রও ফুটিয়ে তোলা হয়েছে সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্রের মাধ্যমে।’তিনি জানান, এবার অনুষ্ঠানে আছে বালিশ লড়াই, তৈলাক্ত কলাগাছে ওঠা, ঘের থেকে কাঁকড়া ধরা, শিশুদের পোশাক পরা, মহিলাদের চিংড়ির মাথা ছাড়ানো, ধানের চারা রোপণ ও মালঞ্চ নদীতে জেলে নৌকাবাইচ প্রতিযোগিতা।অনুষ্ঠানটি এবার ঈদে দেখানো হবে চ্যানেল আইতে।