আইয়ুব বাচ্চু এখন কেবিনে
শারীরিক অবস্থার উন্নতির হওয়ায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন সংগীততারকা আইয়ুব বাচ্চুকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় এলআরবির সদস্য মাসুদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘শারীরিক অবস্থার উন্নতির কারণে বাচ্চু ভাইকে কেবিনে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই উনাকে এখন সিসিইউ থেকে কেবিনে নিয়ে আসা হয়েছে। এখন থেকে কেবিনে বাচ্চু ভাইয়ের চিকিত্সা চলবে।’আইয়ুব বাচ্চুর ছোট ভাই মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘চিকিত্সকের মাধ্যমে জানতে পেরেছি, ভাইয়ার শারীরিক অবস্থা গতকালের (বৃহস্পতিবার) চেয়ে ভালো। প্রতিদিন এ অবস্থার উন্নতি হচ্ছে। তাই চিকিত্সকেরা সিদ্ধান্ত নিয়েছেন ভাইয়াকে কেবিনে স্থানান্তর করার।’ তিনি আরও বলেন, ‘আজ বা কালকের মধ্যে বাসায় নিয়ে যাওয়ার কথা থাকলেও আপাতত তা হচ্ছে না। আরও দু-এক দিন কেবিনে রাখা হবে। তারপর চিকিত্সকের পরামর্শ অনুযায়ী তাঁকে বাসায় নেওয়া হবে।’ আইয়ুব বাচ্চুর শারীরিক অবস্থার উন্নতি প্রসঙ্গে চিকিত্সক আবদুল্লাহ আল জামিল বলেন, ‘প্রতিদিনই ওনার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে তাঁকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে।’ এদিকে অসুস্থতার কারণে বেশ কয়েকটি নির্ধারিত কনসার্ট বাতিল করেছেন বাচ্চু। এ জন্য তিনি সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন।আকস্মিক অসুস্থ বোধ করায় গত মঙ্গলবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন আইয়ুব বাচ্চু। হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) কার্ডিওলজিস্ট আবদুল্লাহ-আল জামিলের তত্ত্বাবধানে চিকিত্সাধীন রয়েছেন তিনি।