আইয়ুব বাচ্চুর গিটারের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই রুপালি গিটার ফেলে একদিন চলে যাব দূরে বহুদূরে/ সেদিন চোখে অশ্রু তুমি রেখো গোপন করে’ গানটি গিটারের প্রতি আইয়ুব বাচ্চুর ভালোবাসারই বহিঃপ্রকাশ। এমনি ভালোবাসার কারণে সুযোগ পেলেই আইয়ুব বাচ্চু সংগ্রহ করে যাচ্ছেন বিশ্বের নামী-দামি সব গিটার। এখন তাঁর সংগ্রহে রয়েছে ২৮টি গিটার। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আইভানেজ, জ্যাকসন, জেম সেভেন সেভেন, কারভিন কাস্টমাইজড, লেসপল ইএসপি ও মিউজিকম্যানের বিভিন্ন মডেলের গিটার। শিগগিরই আরও চারটি নামী ব্র্যান্ডের গিটার সংগ্রহ করবেন তিনি।আইয়ুব বাচ্চু জানালেন, এরপর নিজের এই সংগ্রহ নিয়ে প্রদর্শনীর আয়োজন করবেন। আর এই প্রদর্শনী হবে আগামী রোজার ঈদের কয়েক দিন পরই। প্রদর্শনী হবে দুই দিনের। গিটার প্রদর্শনীতে তিনি নিজে বাজাবেন। তাঁর সঙ্গে আরও বাজাবেন ১৪ জন তরুণ গিটারশিল্পী।আইয়ুব বাচ্চু বললেন, ‘ক্লাস সেভেনে পড়ার সময় বাবার কাছ থেকে কালো রঙের একটি অ্যাকুস্টিক গিটার পেয়েছিলাম। সেই শুরু। ওই সময় একদিকে বিশ্বের অন্যতম সেরা গিটারবাদক জিমি হ্যান্ড্রিকস, রিচি ব্ল্যাকমোর, কার্লোস স্যানটানার গিটার শুনি; অন্যদিকে দেশে পপশিল্পী আজম খানের গিটারবাদক নয়ন মুন্সীর গিটার বাজানো আমাকে খুবই মুগ্ধ করে। একসময় ওঁদের মতো গিটারে পারদর্শী হওয়ার স্বপ্ন দেখতে শুরু করি। স্বপ্নপূরণের জন্য তখন রউফ চৌধুরী, বন্ধু নওশাদ আর সাজুর সহায়তায় গিটার বাজাতে শুরু করি। আমি মনে করি, বর্তমান প্রজন্মও গিটারে নিজেদের অনেক পারদর্শী করে তুলবে।’আইয়ুব বাচ্চু আরও জানালেন, শিগগিরই গিটার প্রদর্শনীর সবকিছু চূড়ান্ত করবেন তিনি।