আইয়ুব বাচ্চুর নতুন গান গ্রামীণফোনে

এলআরবির সদস্য, সংগীতশিল্পী, সুরকার, সংগীত পরিচালক আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত অ্যালবামের পাঁচটি নতুন গান আগামী সপ্তাহ থেকে শোনা যাবে গ্রামীণফোনে। গতকাল বৃহস্পতিবার দুপুরে হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছে এই মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুধু গ্রামীণফোনের গ্রাহকেরা এই গানগুলো ওয়েলকাম টিউনে সেট করতে পারবে এবং ডাউনলোড করা যাবে পুরো গান হিসেবে। প্রতিটি ডাউনলোডের জন্য খরচ হবে পাঁচ টাকা।
এবারই প্রথম ডিজিটাল প্রযুক্তিতে অ্যালবাম প্রকাশ করছেন আইয়ুব বাচ্চু। তিনি বলেন, ‘অডিও সিডির অবস্থা এখন খুবই খারাপ। তাছাড়া পাইরেসিও ঠেকানো সম্ভব না। মুঠোফোনে গান শোনা এখন তুমুল জনপ্রিয়। সবাই মুঠোফোনে গান শুনতে অভ্যস্ত হয়ে গেছে। তাই আমি ডিজিটাল প্রযুক্তি বেছে নিয়েছি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের ভ্যাস অ্যান্ড ডিজিটাল সার্ভিসের প্রধান এ এস এম রফিকুল্লাহ এবং করপোরেট কমিউনিকেশনসের প্রধান তাহমিদ আজিজুল হক।