আইয়ুব বাচ্চুর সুরে ছড়াগানের অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এ এক অদ্ভুত অনুভূতি, যা আগে কখনো বোধ করিনি। এ কাজটা না করলে বোধহয় এই একটা দিক অজানাই থেকে যেত।’ বললেন আইয়ুব বাচ্চু। এবার তিনি তৈরি করেছেন ছড়াগান। তাঁর সুর ও সংগীতায়োজনে আজ আসছে ছড়াগানের অ্যালবাম ফুলবাবু-ভুলবাবু। সঙ্গে আছে ছড়ার বই। পুরো আয়োজনটি বাংলা একাডেমীর অমর একুশে গ্রন্থমেলায় নিয়ে আসছে ঐতিহ্য।ছড়াগুলো লিখেছেন সাজ্জাদ হুসাইন। ছড়াগানে কণ্ঠ দিয়েছেন তানভীর হোসেন, সেলিমা ওসমান ও জাকিয়া সুলতানা। ছড়াগানে সুর করা প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, ‘আমরা সাধারণত গানের কাজ করি। ছড়াগানের কথা আলাদা করে কখনো ভাবিনি। আমি অন্তত নিজে কখনো করিনি। পুরো ব্যাপারটাতে নতুনত্ব আনার চেষ্টা করেছি। যারা শুনবে, তারা ঠিকই বুঝতে পারবে।’অ্যালবামটির কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বললেন, ‘কাজটা কীভাবে শুরু করব, সে সিদ্ধান্ত নিতেই অনেকটা সময় চলে যায়। আমি চেয়েছিলাম, ছোটরা তো শুনবেই, বড়রাও যাতে আগ্রহী হন। তাঁদের কাছেও যেন ছড়াগানগুলো ভালো লাগে। প্রথম গানটি তৈরি হওয়ার পর কাজটা অনেক সহজ হয়ে যায়। এরপর খুব বেশি সময় লাগেনি। আর ছড়াগুলোও চমত্কার। যাঁরা গেয়েছেন, তাঁরাও খুব ভালো করেছেন। সঙ্গে যেহেতু বইও থাকছে, তাই ছোটরা গান শুনবে আবার নিজেরা গাওয়ার চেষ্টা করবে। ভালোই হবে।’