আউটডোরে 'একাত্তরের ক্ষুদিরাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের ক্ষুদিরাম ছবির শুটিং হয়েছে এফডিসিতে, সেট তৈরি করে। গত বৃহস্পতিবার থেকে ছবিটির শুটিং হচ্ছে মানিকগঞ্জের ঝিটকার কৈরি গ্রামে। ছবিটি পরিচালনা করছেন মান্নান হীরা। মঞ্চ আর ছোট পর্দায় তিনি কাজ করছেন অনেক বছর। তৈরি করেছেন দুটি শিশুতোষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবি দুটির নাম গরম ভাতের গল্প ও একাত্তরের রংপেন্সিল। এবার তিনি শিশুতোষ গল্প নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন। একাত্তরের ক্ষুদিরাম ছবির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করছেন মান্নান হীরা। ছবিটির জন্য সরকারি অনুদান পেয়েছেন তিনি।
ছবিতে ‘একাত্তরের ক্ষুদিরাম’ চরিত্রে অভিনয় করছে শিশুশিল্পী স্বচ্ছ। অন্য চরিত্রগুলোতে অভিনয় করছেন মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, ইনামুল হক, মোমেনা চৌধুরী প্রমুখ।
মান্নান হীরা বলেন, ‘মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে একটি পূর্ণদৈর্ঘ্য ছবি বানানোর স্বপ্ন আমার অনেক দিনের। সেই স্বপ্ন পূরণ হলো। তবে সরকার যে পরিমাণ অনুদান দেয়, তাতে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ সম্ভব নয়। তার পরও আমি সাধ্যমতো চেষ্টা করছি।’