আকরাম খানের 'আনটিল দ্য লায়ন্স'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনটিল দ্য লায়ন্স নৃত্যনাট্যে আকরাম খান ও চিং ইং শিয়েন l ছবি: আকরাম খান কোম্পানি
আনটিল দ্য লায়ন্স নৃত্যনাট্যে আকরাম খান ও চিং ইং শিয়েন l ছবি: আকরাম খান কোম্পানি

শরীরের বাঁকের খেলায় জীবনের গল্প বলেন তিনি। আর এটা দিয়েই দর্শকদের বিমোহিত করে রাখেন খ্যাতনামা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নৃত্যপরিকল্পক ও নৃত্যশিল্পী আকরাম খান। দেহের বাঁকে নতুন গল্প সংযোজন করেই তিনি শুরু করেছেন নতুন বছর। ভক্তদের জন্য তাঁর উপহার আনটিল দ্য লায়ন্স। হিন্দু মহাকাব্য মহাভারত-এর অন্যতম চরিত্র অম্বার জীবনের গল্প এই নৃত্যনাট্যের মূল প্রতিপাদ্য। যেখানে রাজার মেয়ে অম্বাকে বিয়ের রাতে অপহরণ করা হয়। নিজের দুর্ভাগ্যের প্রতিশোধ নিতে অম্বা ঈশ্বরের সাহায্য কামনা করেন।
গতকাল শনিবার (৯ জানুয়ারি) লন্ডনের ৩৬০ ডিগ্রি গোলাকার রাউন্ড হাউসে শুরু হয়েছে আনটিল দ্য লায়ন্স-এর মঞ্চায়ন। চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত।
গত শুক্রবার রাউন্ড হাউসে নৃত্যনাট্যটির শেষ মহড়া দেখার সুযোগ করে দেওয়া হয়। সহস্রাধিক দর্শক বিনা মূল্যে অনন্য এই পরিবেশনা দেখার সুযোগ পান। দেহের মোচড়ে মোচড়ে ফুটে উঠল অম্বার জীবনকাহিনি।
আকরাম খান বলেন, সন্তানের বাবা হিসেবে নানা পরিবর্তনের মধ্য দিয়ে তাঁর জীবন যাচ্ছে। এই সময়ে এসে তিনি এমন গল্প খুঁজে পেয়েছেন, যা তাঁর বাল্যস্মৃতি ও আত্মার সঙ্গে সম্পৃক্ত। দক্ষিণ এশিয়ার সমাজে আলোচনা কিংবা বিতর্ক করতে নিরুৎসাহিত করা হয় এমন কিছু বিষয় তাঁর এই গল্পে তুলে ধরা হয়েছে। কত্থক আর সমসাময়িক নৃত্যধারার মিশেলে ঘটেছে এর শারীরিক প্রকাশ।
কবি কার্তিকা নায়ার মহাভারতের অম্বার চরিত্রকে উপজীব্য করে আনটিল দ্য লায়ন্স-এর পরিধি রচনা করেছেন। এর পরিবেশনায় আকরাম খানের সঙ্গে থাকছেন নৃত্যশিল্পী চিং ইং শিয়েন ও ক্রিস্টিন জে রিটার। এই নৃত্যনাট্যে সোহিনী আলমের কণ্ঠে থাকছে ‘খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়’ গানটি।