
আকরাম খান মাতিয়ে দিয়েছিলেন শুক্রবারের জাতীয় নাট্যশালার মঞ্চ। শনিবারও যে একইভাবে বিস্ময়াভিভূত হবে দর্শক, সে কথা না বললেও চলে। কতভাবেই না নিজেকে খুঁজলেন আকরাম। তাঁর এই পরিবেশনাকে নাচ, অভিনয়, গ্রাফিকস-কারুকাজ বা শ্যাডো নৃত্য—কোনো নামেই সংজ্ঞায়িত করা যায় না। শুধু বলা যায়, দর্শককে প্রতি মুহূর্তের চমকে নির্বাক করে রাখার এক অপূর্ব কৌশলে মিলনায়তনজুড়ে নান্দনিক মুগ্ধতারই জন্ম দিলেন আকরাম। বাংলা-ইংরেজি সংলাপে কিংবা দেশি-বিদেশি গানের সুরে অথবা যন্ত্রসংগীতের মোহনীয়তায় কীভাবে যে ৮০ মিনিট কেটে গেল, তা কেউ যেন টেরই পেল না। শুধু ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘আব্বা’, ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’র মতো চিরচেনা কিছু শব্দগুচ্ছকে আকরামের দেহভঙ্গিমায় যেন অন্যভাবে পাওয়া গেল। আর গ্রাফিকসের ব্যবহারে পরিশ্রমী দুই হাতের শক্তিতে গাছের ওপরে ওঠা, মধুর চাক থেকে মধু খাওয়া কিংবা রাজপথের ট্রাফিকে কিংকর্তব্যবিমূঢ়তাও চোখে লেগে থাকল অনেকক্ষণ। যারা আকরামের ‘দেশ’ দেখেনি, তারা উচ্চমার্গের একটি পরিবেশনার স্বাদ থেকে বঞ্চিত হয়েছে। সারা দিনের টানা বর্ষণের মধ্যেও মিলনায়তন যে পূর্ণ হলো, পরিবেশনা শেষে দর্শকদের চোখ-মুখ থেকে যে তৃপ্তির ছটা প্রকাশিত হলো, তাতে জয় হলো শিল্পের।
পরিবেশনা নিয়ে তো অনেক কথাই বলা হয়েছে। এবার একটু প্রশ্নোত্তরপর্বের দিকে তাকানো যাক। সবাই আগ্রহভরে অপেক্ষা করছিল আকরামের উত্তর শুনবে বলে। উত্তরগুলো সত্যিই মন জুড়িয়ে দেওয়ার মতো। তবে বলে রাখা ভালো, প্রশ্ন করাও যে নান্দনিকতার প্রকাশ, সেটা এখনো আমাদের দেশের প্রশ্নকর্তাদের অনেকেই জানেন না। ফলে প্রশ্ন হতে থাকে লম্বা, একসময় তা খেই হারিয়ে ফেলে। আকরামের পক্ষে তা বুঝে উত্তর দেওয়া একটু কঠিন বৈকি।
এরই মাঝে যে দু-একটি প্রশ্ন-উত্তরে মন ভরল, তাতে আকরাম খানের উত্তরগুলো লিখে ফেলা যাক। নিজের দ্বৈত সত্তা নিয়ে তিনি বললেন, দক্ষিণ লন্ডনের নিজের বাড়ির চার দেয়ালের মাঝে তিনি ছিলেন বাংলাদেশি। যেই দরজা দিয়ে বের হয়েছেন, অমনি হয়ে গেছেন ব্রিটিশ-গ্যাংস্টার! মা-বাবা সম্পর্কে যে শ্রদ্ধার প্রকাশ ঘটালেন, তা অতুলনীয়। হলভর্তি দর্শক হাততালি দিয়ে শ্রদ্ধা জানাল আকরামের মা-বাবাকে। বাবাকে নিয়েই তো ‘দেশ’-এর জার্নি, সেটা জানাতে ভুললেন না। আকরামের সঙ্গে তাঁর মা কথা বলতেন বাংলায়। কেবল আকরামের ১০ বছর বয়সের জন্মদিনে প্রথম মা বললেন ‘হ্যাপি বার্থডে টু ইউ’। চমকে গেলেন আকরাম! ‘মা, তুমি ইংরেজি বলতে পারো!’ মা বলছেন, ‘বুদ্ধু, আমি ছিলাম ইংরেজির শিক্ষিকা।’ মা সারাজীবনই আকরামের সঙ্গে বাংলায় কথা বলেন। ইউরোপে আর বাংলাদেশে ‘দেশ’ কি একইভাবে নেয় দর্শক? না। ইউরোপে পরিবেশনা দেখে হাসি শোনা যায় বেশি, এ দেশে হাততালি। তবে এ দেশের দর্শকের কাছ থেকে তাদের পছন্দ-অপছন্দটা জানা হয়ে যাচ্ছে, এটাই লাভ। এ প্রসঙ্গে একটু কৌতুকও করলেন আকরাম। বললেন, ‘জাপানে গিয়ে অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। হাসির কোনো দৃশ্যের পাঁচ লাইন পর যখন সিরিয়াস কিছু করছি, তখন দেখি হো হো করে হাসছে জাপানিরা। পরে বুঝলাম, সাব টাইটেল দেখানো হচ্ছিল অনেক পর পর।’ মাথায় চোখ-মুখ এঁকে যে অনবদ্য অভিনয়, তারও ব্যাখ্যা দিলেন আকরাম। কেউ একজন বলেছিল, আকরামের মাথার ওপরটার একটা জায়গা নাকের মতো দেখায়। সেটা মনে ধরল আকরামের। এ নিয়ে ভাবলেন। তারপর ওই কল্পিত নাকের দুপাশে বসালেন দুই চোখ, নিচে ঠোঁট। তারপর সেই মাথাকে মুখ বানিয়ে যা করলেন, তাকে পাপেট শো বলা চলে না, এ যেন অনেক ধরনের শিল্পকলা ভেঙেচুরে নতুন কিছু একটা তৈরি হলো, পৃথিবী আগে যা দেখেনি।
প্রশ্ন ছিল অনেক, উত্তরও। তবে একটি উত্তর দিয়ে শেষ করা যায় এই প্রশ্নোত্তরপর্বটি। খুব দুঃখের দৃশ্যেও মজার সংগীত দিয়ে এক অন্য রকম অভিঘাত তৈরি করে আনন্দ পান আকরাম। কথাটি যে কতটা সত্য, সেটা তারাই বুঝবে, যারা আকরামের এই নয়নাভিরাম স্বর্গীয় দ্যুতিময় পরিবেশনাটি দেখেছে।
ব্রিটিশ কাউন্সিল ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিলের পরিচালক (পার্টনারশিপ অ্যান্ড প্রোগ্রাম) রবিন ডেভিস, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। এ অনুষ্ঠানে সহযোগিতা করছে বেঙ্গল কমিউনিকেশনস লিমিটেড। আয়োজন সহযোগী বাংলাদেশ শিল্পকলা একাডেমী। সঙ্গে ছিল দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও চ্যানেল আই।