আকাপেলা ও কয়ার আঙ্গিকে নজরুলের গান
তরুণ কণ্ঠশিল্পী ও সংগীত আয়োজক সজীব এবার গানের দল গড়ছেন। দলের নাম এখনো চূড়ান্ত হয়নি। সজীবের মতে, ‘হতে পারে কয়ার ২৪, কিংবা কয়ার ৩১।’ শিগগিরই চূড়ান্ত হবে তা। তাঁর এই দল কয়ার আঙ্গিকে নজরুলের গান করছে। এরই মধ্যে নজরুল ইনস্টিটিউটের তত্ত্বাবধানে দলটি নিয়মিত মহড়া শুরু করেছে। এবার নজরুলজয়ন্তী উপলক্ষে বের হবে ‘কয়ার আঙ্গিকে নজরুলের গান’ নিয়ে অ্যালবাম। সজীবদের এই গানে বাদ্যযন্ত্রের কোনো ব্যবহার নেই। সংগীত আয়োজনের সবকিছুই সজীব করছেন শুধু সবার কণ্ঠ ব্যবহার করে। সজীব জানালেন, এই পদ্ধতি বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত। এর নাম ‘আকাপেলা’। তিনি বললেন, ‘আমি অনেক দিন দেশের বাইরে ছিলাম। সেখানেই এই আকাপেলা আঙ্গিকের সঙ্গে পরিচিত হয়েছি। দেশে ফেরার পর থেকেই একটু একটু করে আকাপেলা আঙ্গিকে নজরুলের গান পরিবেশনের পরিকল্পনা করেছি। আমার এই পরিকল্পনা বাস্তবে রূপ দিতে এগিয়ে এসেছে গ্রামীণফোন ও নজরুল ইনস্টিটিউট।’ সজীব জানালেন, অ্যালবামের জন্য কয়ার আঙ্গিকে নজরুলের ১০টি গান নিয়ে তাঁরা মহড়া করছেন। যেহেতু এই আঙ্গিকের সঙ্গে অনেকেই তেমন পরিচিত নয়, তাই একটু সময় লাগছে। গ্রামীণফোন ও নজরুল ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে কাজী নজরুল ইসলামের বিভিন্ন সৃষ্টির ভিন্নধর্মী পরিবেশনার প্রস্তুতি শুরু হয়েছে।