আকাশ থেকে নেমে গেল বাঘ হাঙর পেঙ্গুইন
কক্সবাজার সমুদ্রসৈকতের নির্মল আকাশটা আবার সাদা মেঘে ঢাকা পড়ে গেল। গতকাল শনিবার সন্ধ্যার আগেভাগে এই আকাশ থেকে একে একে মাটিতে নেমে পড়ল বাঘ, অজগর, হাঙর, ডলফিন, পেঙ্গুইন, অক্টোপাস, জেলিফিশ, মৎস্যকন্যাসহ অনেকে। আর এরই সঙ্গে শেষ হলো এই সৈকতে আয়োজিত দুই দিনের জাতীয় ঘুড়ি উৎসব। সৈকত ভ্রমণে আসা বিপুলসংখ্যক পর্যটক সৈকতে দাঁড়িয়ে এই উৎসব উপভোগ করে। গতকাল সকাল ১০টা থেকে উৎসবে দ্বিতীয় দিনের ঘুড়ি ওড়ানো শুরু হয়। পর্যটক ছাড়াও স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বালুকাবেলায় দাঁড়িয়ে নানা রং-বেরঙের ঘুড়ি ওড়ায়। শতাধিক বড় ঘুড়ি উড়তে থাকার মনোমুগ্ধকর দৃশ্য যেন সাদা মেঘে ঢাকা নির্মল আকাশকে ঝলমলে করে তোলে। এশিয়ান পেইন্টের সহযোগিতায় বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন দুই দিনের এই জাতীয় ঘুড়ি উৎসবের আয়োজন করে। বিকেল পাঁচটার দিকে আকাশ থেকে যখন একে একে সব ঘুড়ি মাটিতে নামিয়ে আনা হচ্ছিল, তখন উপস্থিত দর্শকদের মধ্যে বিষণ্নতা ছড়িয়ে পড়ে। তাঁরা চাই ছিলেন ঘুড়ি উড়ুক, রঙিন হয়ে থাকুক সৈকতের আকাশ। বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা জানান, ‘দুই দিনের উৎসবটা সুন্দরভাবে শেষ করতে পেরেছি। হাজার হাজার পর্যটক ঘুড়ি ওড়ানো দেখে মুগ্ধ।’ ‘নির্মল আকাশ, নির্মল সাগর ও সুপরিকল্পিত কক্সবাজার’ এ দাবি নিয়ে এবারের ঘুড়ি উৎসবের আয়োজন। এই উৎসব আগামী দিনেও অব্যাহত থাকবে। আগের দিন শুক্রবার বেলা ১১টায় শহরের জেলা পরিষদের সম্মেলনকক্ষে একই দাবিতে বাপা ও বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন যৌথভাবে আয়োজন করে এক মতবিনিময় সভার। সেখানে পর্যটন শহর কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদ রক্ষা করতে সমুদ্রসৈকত দখল এবং বনাঞ্চল উজাড় ও পাহাড় কাটা বন্ধ করার দাবি জানানো হয়। বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সহসভাপতি ম. হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ বলেন, পরিবেশ প্রতিবেশ সংকটাপন্ন সৈকত এলাকায় অবৈধভাবে যেসব স্থাপনা তৈরি করা হয়েছে, দ্রুত তা উচ্ছেদ করা হবে।