‘আমি কাজ করতাম আকাশবাণীতে। একাত্তর সালে ৭ মার্চে রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু তাঁর বিখ্যাত বক্তৃতা করেছিলেন। তার পরের রোববার দুটো থেকে আড়াইটা পর্যন্ত বিচিত্রা নামে আমার একটা ফিচার ছিল। বঙ্গবন্ধুর ভাষণ শোনার পর ঠিক করলাম, ফিচারটি পরিবর্তন করতে হবে। বঙ্গবন্ধুর ভাষণটা বাজিয়ে শোনাতে হবে।’—স্মৃতি হাতড়ে বলছিলেন পার্থ ঘোষ। এই তো কদিন আগে ভারতের পশ্চিমবঙ্গের আবৃত্তিশিল্পী পার্থ ঘোষ আর গৌরী ঘোষ ঘুরে গেলেন বাংলাদেশ। নাট্যজন নাসিরউদ্দিন ইউসুফের আমন্ত্রণে এসেছিলেন তাঁরা। তাঁর বাড়িতেই হচ্ছিল কথা।শুরুতেই বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের সঙ্গে তাঁর একটি স্মরণীয় অভিজ্ঞতার বর্ণনা করছিলেন। ভাষণটি শোনার পর পার্থ ঘোষ ভাবছিলেন, কীভাবে ভাষণটা বাজানো যায়। কীভাবে তা ঢুকিয়ে দেওয়া যায় মানুষের মনে। ভেবেছিলেন এ রকম: একটি শিশু পড়া মুখস্থ করছে ‘কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল’ কচি গলায়। তার মাঝখান থেকে সুচিত্রা মিত্রের কণ্ঠে ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ গানটি বাজিয়ে দেওয়া হলো। তার পরই বাংলাদেশের বায়ান্ন, বিক্ষোভের বর্ণনা। এরপর বললেন, ‘এবার শুধু প্রতিবাদ নয়, প্রত্যক্ষ আন্দোলনের ডাক দিলেন বঙ্গবন্ধু।’ কিন্তু ভাষণটি একসঙ্গে পুরোটা বাজানোয় ছিল বিপদ। অন্য দেশের একটি বেতারকেন্দ্রের কোনো অনুষ্ঠান টানা প্রচার করা যায় না। নিয়ম নেই। তিনি তখন স্টেশন ডিরেক্টরকে ফোন করলেন। ‘আমি কী করব? এটা তো ভাষণ নয়, এটা একটা কাব্য। আমার তো সবটাই দিতে ইচ্ছে করছে।’ পরিচালক বললেন, ‘তুমি টানা দিতে পার না।’ পার্থ বললেন, ‘আপনি একবার শুনে দেখুন।’ পরিচালক ডাবিং রুমে এসে শুনলেন। বললেন, ‘এ তো অপূর্ব। তুমি কোথায় কাটবে! দাঁড়াও, আমি বার্তা সম্পাদক দিপেশ ভৌমিককে ফোন করি।’ দিপেশ ভৌমিক বললেন, ‘আপনি তিন মিনিট প্রচার করতে পারেন, তারপর কিছু কথা ঢুকিয়ে আবার তিন মিনিট প্রচার করুন। এভাবে এগোতে পারেন।’ সেভাবেই কাজে লেগে গেলেন পার্থ ঘোষ। সুভাষ মুখোপাধ্যায়, দিনেশ দাশের ছেলে শান্তনু দাশের সাক্ষাত্কার নেওয়া ছিল। খবর পাঠক পীযুষ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাত্কার নিলেন। নজরুলের কয়েকটি গান যোগ করলেন। সেগুলোর মধ্য দিয়ে অনুষ্ঠানে শুনিয়ে দিলেন পুরো ভাষণটাই। অনুষ্ঠানটি হওয়ার পর সারা পশ্চিমবঙ্গে সাড়া পড়ে গেল। এ ঘটনাটি পার্থ ঘোষের জীবনে একটি বড় সঞ্চয়।অতঃপর কবিতাআলোচনায় এ সময় যোগ দেন গৌরী ঘোষ। এবার আবৃত্তি নিয়ে কথা। আবৃত্তির হাল-হকিকত নিয়ে তাঁদের পর্যবেক্ষণ জানার চেষ্টা করি। গৌরী ঘোষই শুরু করেন, ‘শম্ভু মিত্র, কাজী সব্যসাচীদের আবৃত্তি তো শুনতই মানুষ, তবে সত্তর-আশি দশকে ব্যাপকভাবে আবৃত্তি জনপ্রিয় হয়ে উঠল। কিন্তু মনে প্রশ্ন জাগল, আবৃত্তিকারের সংখ্যা যত বাড়ছে, গুণগত মান কি বাড়ছে? কণ্ঠ ভালো। কিন্তু যা শুনছে, তাই উগরে দিয়ে আসছে। কবিতার কোনো অর্থ বুঝতে পারছে না। উচ্চারণের ঠিক নেই। কবিতার ছন্দ আয়ত্ত করতে পারেনি। প্রথমেই চেষ্টা, কী করে মঞ্চে দাঁড়াবে। এটা কী হচ্ছে? এখন আবৃত্তি মানে হলো, কোনোমতে কণ্ঠে ধারণ করছি, চটজলদি হাততালি পাওয়ার জন্য নাটকীয় কবিতা বেছে নিচ্ছি, গভীরতায় পৌঁছানোর ক্ষমতা নেই। আমি মনে করি সেটাই সত্যিকারের আবৃত্তি, কবিতাটি আত্মস্থ করে নিজের অনুভব দিয়ে যদি পড়া হয়।’ বলি, খেয়াল করেছেন, ‘কবিতার শরীর থেকে বেরিয়ে গিয়ে গলা খাদে নামিয়ে অদ্ভুতভাবে উচ্চারণ করা হচ্ছে শব্দ? কবিতার পঙিক্ত আত্মস্থ না করেই শব্দের প্রতি জোর দিতে গিয়ে সরে যাওয়া হচ্ছে কবিতা থেকে?’কথাটি লুফে নেন পার্থ ঘোষ। বলেন, “রবীন্দ্র সদনে ‘দেবতার গ্রাস’ করছি একবার। আমি আবেগ দিয়ে করতে গিয়ে ‘মাসী’টা লম্বা করে উচ্চারণ করেছি তিনবার। মঞ্চ থেকে ফিরে এলে আমার ঘাড়ে কে যেন হাত দিয়ে বলছেন, এদিকে আয়। চেয়ে দেখি, অজিতেশ বন্দ্যোপাধ্যায়! বললেন, এটা তুই কী করলি? চল তুই আমার বাড়ি। বালতির জলে তোর মাথা ডুবিয়ে দেব, তারপর তিনবার ‘মাসী’ বলবি। ও রকম আচার্য আমি আর পাইনি। বললেন, ‘জলের মধ্যে ডুবতে ডুবতে কবার টেনে মাসী বলতে পারবি বল তো! দম থাকে কারও?’ সেই থেকে ‘মাসী’ বলার সময় প্রথমবার করি, একটি ছেলে ভয়ে বলছে, ‘আমাকে বাঁচাও’ এ রকম করে। এরপর দূরে চলে গেল কণ্ঠ। পরেরটা পুরো বলতে পারল না। দেখলাম, এটাতে সত্যিকারের আবেগটা আসছে।” ‘আমাদের এখানে আবৃত্তি শিল্পীরা কেমন করছেন?’পার্থ ঘোষ বলেন, ‘আবৃত্তি শুনে আমার মনে হয়েছে, এখানে অসম্ভব ভালো কণ্ঠস্বর। অনেকেই খুব কণ্ঠসচেতন হয়ে আবৃত্তি করে। গলা ছেড়ে দিয়ে আবৃত্তি করা, নিজের বোধ থেকে আবৃত্তি করার চেয়ে কণ্ঠ যেন ভালো আসে, সেদিকে নজর বেশি। কবিতার মধ্যে একটা দ্রোহভাব সব সময় জাগিয়ে রাখে তারা। কবিতা শুধু বিদ্রোহের কবিতাই তো নয়, প্রেমের কবিতা আছে, পেলব কবিতা আছে, প্রকৃতির কবিতা আছে, আধ্যাত্মিক কবিতা আছে। কিন্তু এখানে নির্বাচনের সময় সংগ্রামের কবিতাই বেশি করছে। হাততালিটাও তাতে বেশি জোটে। অনেকেই জানে না, মাইক্রোফোনে সব সময় গম্ভীর কণ্ঠের দরকার হয় না। ঠিক অনুভবটাই জরুরি।’ বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ এই দম্পতি বারবার আসতে চান এখানে। শোনাতে চান তাঁদের আবৃত্তি।