
আমি খুব ভালোবাসি শুটিং করতে। কিন্তু এখন আমার ইচ্ছা করছে শুটিং-ডাবিং—সবকিছু থেকে ছুটি নিতে। একেবারে একা হয়ে যেতে।
ইচ্ছে করছে একা একা বেরিয়ে পড়ি কোথাও। চলে যাব দূরে।
একটা দেশের কথা মনে আসছে। থাইল্যান্ড। ব্যাংককের রাস্তায় একা একা হাঁটতে পারলে বেশ হতো। আমি হাঁটব, আশপাশে কেউ আমাকে চিনবে না। হাজার মানুষের মধ্যে থাকলেও আমি থাকব একা! আমি কী করছি, কোথায় যাচ্ছি, তা নিয়ে থাকবে না কারও মাথাব্যথা।
প্রথমেই যে কাজটি করব, তা হচ্ছে ফোনটা ফেলে দেব। মোবাইল ফোন হাতে থাকা মানেই জগতের সবকিছুর সঙ্গে যোগাযোগ বজায় রাখা। আমি সেই মুহূর্তে চাইব জগতের সবকিছু থেকে বিচ্ছিন্ন হতে। একা, একেবারে একা থাকব আমি।
তাই বলে নিঃসঙ্গতা আমাকে বিষণ্ন করে তুলবে—এমন নয়। চলে যাব কোনো বড় শপিং মলে। একা একা শপিং করব। যা ইচ্ছে হয় তা খাওয়ার জন্য ঢুকে পড়ব কোনো রেস্তোরাঁয়। তারপর কোনো একটা বাসে চড়ে অথবা একটা ট্যাক্সি নিয়ে ঘুরে বেড়াব ব্যাংককের এপ্রান্ত থেকে ওপ্রান্ত। শুধুই নিজেকে সময় দেব।
ভাবনাকে আরও একটু স্বাধীনতা দেব। প্যারাসুটে চড়ে একা একা আকাশে উড়ব। প্যারাসুটে করে আকাশে উড়তে আমার খুব ভালো লাগে। যখন আমি ওপরে উঠি তখন পুরো আকাশটাকে আমার নিজের জগৎ মনে হয়। কী যে ভালো লাগে!