আকিরা কুরোসাওয়া চলচ্চিত্র সপ্তাহ শেষ হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে গত শুক্রবার থেকে চলছিল আকিরা কুরোসাওয়ার চলচ্চিত্র সপ্তাহ।
অস্কারজয়ী বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা কুরোসাওয়ার ১৩টি ছবি দিয়ে সাজানো হয় এ সপ্তাহ। প্রথম দিন থেকেই কালজয়ী সব ছবি দেখতে বিপুলসংখ্যক দর্শক সমাগম ঘটে। চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি ভবিষ্যৎ সিনেমা নির্মাতাদের জন্য অনুষ্ঠিত হয় কুরোসাওয়ার সিনেমা ভাষার শিল্পমান ও কাজের ওপর ভিত্তি করে তিন দিনের কর্মশালা।
গতকাল ছিল এই চলচ্চিত্র সপ্তাহের পঞ্চম দিন। গতকাল সকাল থেকেই শুরু হয় চলচ্চিত্র প্রদর্শনী।
বেলা ১১টায় দেখানো হয় ইয়োজিম্বো। বেলা তিনটায় প্রদর্শিত হয় রেড বেয়ার্ড। আর সন্ধ্যা ছয়টায় দেখানো হয় হাই অ্যান্ড লো। তিনটি প্রদর্শনীতেই দর্শনার্থীতে পরিপূর্ণ ছিল মিলনায়তন। আজ বুধবার শেষ হবে এ অনুষ্ঠান।
আজ সমাপনী দিনে বেলা ১১টায় দেখানো হবে লোয়ার ডেপথস। বেলা তিনটায় প্রদর্শিত হবে দোদেসুকাদেন। আর সন্ধ্যা ছয়টায় থ্রোন অব ব্লাড শীর্ষক ছবির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো বাংলাদেশে কুরোসাওয়াকে নিয়ে যৌথভাবে এ অনুষ্ঠানমালার আয়োজন করে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া (আইএএফএম) ও ঢাকার জাপান দূতাবাস।