আখতারুজ্জামান ইলিয়াসের গল্প নিয়ে চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্প কান্না অবলম্বনে তৈরি হলো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। নাম ...এবং কান্না। কিন্তু গত বছরের সেপ্টেম্বর মাসে ...এবং কান্না নামে একটি স্বল্পদৈর্ঘ্য ছবির উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল। পরিচালক ছিলেন মারুফ হোসেন। এবার তাঁরই পরিচালনায় তৈরি হলো একই কাহিনি নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গত সপ্তাহে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ছবিটি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ছবিটির এক ঘরোয়া প্রদর্শনীর আয়োজন করা হয় বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটে। ছবিটি নিয়ে মারুফ হোসেন বললেন, ‘আমি কিন্তু একটি ছবিই তৈরি করেছি। এর মধ্য থেকে স্বল্পদৈর্ঘ্য অংশটি বের করেছি। এখানে আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্পটির কোনো পরিবর্তন করা হয়নি। তবে পূর্ণদৈর্ঘ্য রূপটিতে গল্পের পরিধি বাড়ানো হয়েছে। অনেক কিছু যোগ করা হয়েছে। তবে পুরোটাই করা হয়েছে মূল গল্প ঠিক রেখে।’মারুফ হোসেন জানালেন, সৃষ্টিগড় থেকে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে ছবিটি। আর তা তৈরি করতে সময় লেগেছে প্রায় দুই বছর। চলচ্চিত্রের মূল চরিত্র আফাজ আলীর ভূমিকায় অভিনয় করেছেন অশোক ব্যাপারি। অন্যান্য চরিত্রে ছিলেন তৌফিকুল ইসলাম, ফখরুল হাসান বৈরাগী, মাহ্তাব হাসান, বাকার বকুল, শাহিরয়ার সজীব, রিংকন শিকদার, নাদিয়া, টুটুল, তৌফিক আহেমদ, শিশির, হীরা, যূথী প্রমুখ।...এবং কান্না ছবিতে রয়েছে দুটি গান—‘কথা সুর’ ও ‘ভেজা পালকের গান’। দুটি গানেরই সুর, সংগীত পরিচালনা ও কণ্ঠ দিয়েছেন সজীব। একটি গানে তাঁর সঙ্গে আছেন তাহিমনা আলী।ঈদের পর ছবিটি স্টার সিনেপ্লেক্সে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় দেশের বিভিন্ন জেলায় ছবিটির প্রদর্শনীর ব্যবস্থা নেওয়া হবে।