আখড়াবাড়ি ছাড়ছেন ভক্তরা

ফকির লালন সাঁইয়ের অহিংসার বাণী গুরু-শিষ্য থেকে আজ সর্বজনীন রূপ নিয়েছে। এই বাণী ছড়িয়ে যাচ্ছে দেশ থেকে সব জাতিতে। অহিংসার মর্মবাণী নিয়ে ভক্ত-সাধুরা লালন সঞ্চরণোৎসবের তৃতীয় দিন থেকেই আসন ছাড়তে শুরু করেছেন। গত রোববার গভীর রাত পর্যন্ত গান করেছেন শিল্পী আবদুল কুদ্দুস শাহ, বাউল আবদুর রাজ্জাক, ফরিদা ইয়াসমিনসহ আরও অনেকে। খুদে শিল্পীও ছিল বেশ কয়েকজন। তাদের গানে মুগ্ধ হয়ে দর্শকেরা থেকেছেন শেষ রাত পর্যন্ত। রাত যত বাড়ে আখড়াবাড়িতে মানুষের স্রোত আসতেই থাকে। শুধু গান আর মেলায় ঘুরে বেড়াচ্ছেন নানা বয়সী নারী-পুরুষ আর শিশুরা। প্রথানুযায়ী রাখাল, বাল্য ও পুণ্য সেবার তিন সন্ধ্যার লগ্ন পার করে আখড়াবাড়ি ছেড়েছেন গুরু ও শিষ্যরা। আখড়াবাড়িতে যেন বিদায়ের সুর বাজছে। ভক্ত-সাধুরা মনে করেন, সাঁইজির বাণী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করলে দেশে হিংসা-বিদ্বেষ, হানাহানি দূর হয়ে যাবে। মানুষের মনে লালনের দর্শন বাণী পৌঁছে দেওয়া গেলে, সামাজিক, পারিবারিক ও দলবদ্ধভাবে সবাই শান্তিতে থাকবে। গুরু-শিষ্যের মিলনমেলা ভাঙলেও ভাঙেনি লালন একাডেমি আয়োজিত মেলা ও সংগীতানুষ্ঠান।