আগরতলায় রবীন্দ্র উৎসব ‘কবিপ্রণাম’
ত্রিপুরার রাজধানী আগরতলায় রবীন্দ্র উৎসবে বাংলাদেশ ও ভারতের বিশিষ্টজনরা বলেছেন, রাজনৈতিক কারণে দেশ ভাগ হলেও রবীন্দ্রনাথ ও নজরুল ভাগ হননি। ভাগ হয়নি আকাশ-বাতাস।ঢাকার বেঙ্গল ফাউন্ডেশন ও আগরতলার ত্রিপুরা বিশ্ববিদ্যালয় যৌথভাবে আয়োজন করেছে ‘কবিপ্রণাম’ শিরোনামে তিন দিনের এ উৎসব। গতকালের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তারা বলেন, রবীন্দ্রনাথই বিশ্বে প্রথম ও অদ্বিতীয় ব্যক্তি, যাঁর লেখা গান দুটি স্বাধীন দেশের জাতীয় সংগীত। তাঁর সংগীত বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে মানুষকে প্রেরণা ও সাহস জুগিয়েছে। তাই রবীন্দ্রনাথ শুধু ভারতবর্ষে নন, সারা বিশ্বে অমর হয়ে থাকবেন।উৎসবের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের বিশিষ্ট চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উত্তর-পূর্ব ভারতের সাংস্কৃতিক সংগঠন ‘কিরাত’-এর সভাপতি বিধায়ক পবিত্র কর ও বাংলাদেশের বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী। রবীন্দ্রনাথের বলাকা কাব্যের ‘ঝড়ের খেয়া’ আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শিল্পী বুলবুল ইসলাম, নন্দিতা ইয়াসমিন, সোমা রানী রায় ও শারমিন সাথী ইসলাম। মণিপুরি নৃত্য পরিবেশন করেন তামান্না রহমান ও তাঁর দল। এ ছাড়া আগরতলার শিল্পীরাও নাচে-গানে দর্শকদের মুগ্ধ করেন।আগরতলার মহারাজা বীরবিক্রম শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অরুণোদয় সাহা।