আগরতলায় শেষ হলো কবিপ্রণাম
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বেঙ্গল ফাউন্ডেশনের ষৌথ উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজিত কবিপ্রণাম অনুষ্ঠান গত বৃহস্পতিবার শেষ হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ের মহারাজা বীরবিক্রম শতবার্ষিকী মিলনায়তনে আয়োজিত সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য অধ্যাপক অমিয় কুমার বাগচী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত চিত্রকর কাইয়ুম চৌধুরী। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অরুণোদয় সাহা, বিধায়ক পবিত্র কর, শিল্পী রফিকুন নবী, ঢাকার বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী প্রমুখ। প্রধান অতিথি মানিক সরকার বলেন, ‘ব্রিটিশরা আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে গেলেও তারা আমাদের ভাষা ও সংস্কৃতিকে ভাগ করতে পারেনি। তাই রবীন্দ্রনাথ ও নজরুলকে কেন্দ্র করে আমরা ত্রিপুরা ও বাংলাদেশের জনগণ বারবার একে অপরের কাছাকাছি আসছি।’এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের শিল্পীরা অংশ নেন। বাংলাদেশের শিল্পীদের মধ্যে ছিলেন বুলবুল ইসলাম, নন্দিতা ইয়াসমিন, সুমা রানী রায়, শারমিন সাথী ইসলাম। আবৃত্তিতে অংশ নেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। আর বিদায় অভিশাপ নৃত্যনাট্যে অংশ নেন তামান্না রহমান ও তাঁর দল।